সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আমতলার পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়েছিলেন শাসক শিবিরের দলীয় পতাকা। বলেছিলেন বিধানসভা ভোটে টিকিটের আশায় দলবদল করছেন না। মঙ্গলবার কালীঘাটের বাড়ি থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত প্রার্থী তালিকাতেও নেই প্রতীক উর রহমানের নাম। সমালোচকদের কুৎসাকে মিথ্যে প্রমাণ করতে পারায় কৃতজ্ঞ তরুণ নেতা। দলের প্রার্থী তালিকা দেখে খুশি তিনি। আসন্ন ভোটে (West Bengal Assembly Election) শাসক শিবির যেভাবে বলবে, সেভাবে লড়বেন বলেই জানান প্রতীক উর (Pratik Ur Rahaman)।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তৃণমূলে যোগ প্রতীক উর রহমানের। নিজস্ব চিত্র
'সংবাদ প্রতিদিন'কে তিনি জানান, "অনেকে রটিয়েছিল আমি প্রার্থী হব। আজ প্রমাণ হয়ে গেল আমি প্রার্থী হব বলে দলবদল করিনি।" দলের কাছে কৃতজ্ঞতা স্বীকারও করেন। বলেন,
"দলের কাছে কৃতজ্ঞ। আমার একটাই দাবি ছিল প্রার্থী হব না, দল আমার কথা রেখেছে।" তৃণমূলে যোগদানের পর থেকেই দলের হয়ে ক্রমাগত কাজ করে চলেছেন প্রতীক উর। ধর্মতলার ধরনা মঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে। ভোটযুদ্ধের আগে দল যেভাবে তাঁকে বলবেন সেভাবেই কাজ করে চলার অঙ্গীকার তরুণ নেতার। তিনি বলেন, "আমাকে যেভাবে ব্যবহার করবে, সেভাবে কাজ করব।" বিধানসভা ভোটের প্রার্থী তালিকা দেখে আপ্লুত প্রতীক উর। প্রার্থী তালিকায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতার ছোঁয়া স্বয়ংসম্পূর্ণ তালিকা তৈরি হয়েছে বলেই মনে করেন প্রতীক উর। তিনি বলেন, "এই তালিকায় সর্বস্তরের মানুষ রয়েছেন। এটা স্বয়ংসম্পূর্ণ তালিকা। দূরদর্শিতার প্রমাণ রয়েছে তালিকায়।"
বলে রাখা ভালো, লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচন, বারবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রার্থী তালিকায় রেখেছেন তারকা চমক। এমনকী গত লোকসভা নির্বাচনে রচনা বন্দোপাধ্যায় থেকে ইউসুফ পাঠানকে টিকিট দিয়ে চমকে দিয়েছিল শাসকদল তৃণমূল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেও তাই তারকা প্রার্থী নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শোনা যাচ্ছিল, এবার হয়তো তৃণমূলের টিকিটে দেখা যেতে পারে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী শ্রাবন্তী কিংবা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল, এবার আর কোনও নতুন টলিউডি চমক নয়! বরং পুরনোদের উপরেই আস্থা রাখলেন তৃণমূল নেত্রী। টিকিট পেলেন না কাঞ্চন মল্লিক, চিরঞ্জিৎ। রাজনৈতিক মহলের একাংশের মতে, শাসকদল তৃণমূল এবার চমকে নয়, বরং পারফরম্যান্সের ভিত্তিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
