Advertisement
ঘোড়সওয়ারে ভয়ানক আতঙ্ক শাহরুখের! গভীর জলে আঁতকে ওঠেন 'ভাবী টু', কোন সেলেবের কীসে ভয়?
অভিষেক বচ্চন থেকে করিনা কাপুর, কোন অভিনেতা ভোগেন কীসের আতঙ্কে?
কারও ভয় আরশোলায়। কারও আবার অন্ধকারে মাথা ঘোরে। বলিউডের পারফেকশনিস্ট আমির খানকে আবার নাকি তাড়া করে বেড়ায় মৃত্যুভয়। এক একজনের এক একরকম ভীতি। যা শুনলে তাজ্জব হবেন অনুরাগীরা। সত্যি কি রিল লাইফের রাফ অ্যান্ড টাফ হিরোরা এমন হতে পারেন, সে প্রশ্ন করেন অনেকে। চলুন দেখে নেওয়া যাক, কোন সেলেব কার আতঙ্কে কাঁটা।
তিনি কিং খান। বি-টাউনে তাঁরই রাজত্ব। সেই শাহরুখেরও ভীতির রয়েছে নানা কারণ। সাক্ষাৎকারে নিজের মুখেই সেকথা জানান। ঘোড়ায় চড়তে সবচেয়ে বেশি ভয় পান। 'অশোকা' ছবির সময় ভীতির জন্য সমস্যায় পড়েন। কারণ, রাজা অশোকের ভূমিকায় ঘোড়ায় চড়ার বহু সিন ছিল। যাতে কোনওভাবে ভীতি স্ক্রিনে ফুটে না ওঠে তাই পর্দায় তাঁকে সেভাবে দেখানো হয়নি। শরীরের প্রতি ক্যামেরা ফোকাস করা হয় বেশি।
বলিউডের পারফেকশনিস্ট আমির খানের আবার মৃত্যুর ভয়ে ভীত। একসময় এই আতঙ্ক যেন তাড়া করে বেড়াত তাঁকে। আমির জানান, 'দঙ্গল' ছবির সময় নাকি এই ভীতিতে ঠিকমতো কাজও করতে পারছিলে না। পরিচালক নীতেশ তিওয়ারির সঙ্গে কথা বলে পাঁচ মাসের বিরতিও নেন। প্রয়োজনে তিনি অন্য অভিনেতাকে নিতে পারেন বলে জানিয়ে রেখেছিলেন। সেই সময় অবশ্য পরিচালককে বেশ কয়েকজন অভিনেতার নামও বলেছিলেন।
'ভাবী ২'-র জাদুতে মুগ্ধ অনেকেই। তাঁর জন্য পুরুষহৃদয় মোচড় দেয়। সেই তৃপ্তি দিমরি বাস্তবে বেশ ভীতু। জলে নাকি বড্ড ভয় অভিনেত্রীর। তাই ভুল করেও জলে ডুবে অভিনয় করতে চান না তৃপ্তির। 'কালা' ওয়েব সিরিজে এমন একটি দৃশ্য ছিল তাঁর। সে কারণে তাঁকে বেশ খানিকটা প্রস্তুতি নিতে হয়। আতঙ্কিত তৃপ্তি দিমরি বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। যাতে দেখা গিয়েছে কীভাবে চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে অভিনেত্রীর। শুঘু তৃপ্তিই নন, এমন আতঙ্ক রয়েছে বহু সেলেবের।
পর্দার 'পু' করিনা কাপুর বেশ ডাকাবুকো। কাউকেই যেন কেয়ার করেন না তিনি। বাস্তবে সেই করিনা নাকি বেশ ভীতু। বাইকে চড়তে অত্যন্ত ভয় পান তিনি। সে কারণেই সিনেমার পর্দায় বাইকের দৃশ্য এড়িয়ে চলতে চান করিনা। বি-টাউনে দীর্ঘ কেরিয়ার জীবনে কোনওদিন এমন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে।
পর্দার 'পদ্মাবত' দুঃসাহসী। বাস্তবের দীপিকা পাড়ুকোনেরও সাহসিকতার কোনও অভাব নেই। বেশ দৃঢ় তিনি। সম্প্রতি আট ঘণ্টা শুটিং নিয়ে তাঁর একরোখা মনোভাব যেন বি-টাউনে সাড়া ফেলে দিয়েছে। সেই দীপিকারই প্রকৃতি বড় পছন্দের। ব্যস্ত শিডিউলের ফাঁকে সময় বের করতে পারলে প্রকৃতির সবুজে ডুব দেন। সেই দীপিকারই আবার সাপে বড় ভয়। সে কারণে সাপ রয়েছে এমন কোনও দৃশ্যে অভিনয় করতে চান না তিনি।
শুধু দীপিকা নন। পরিণীতি চোপড়ারও নাকি সাপের প্রতি মারাত্মক ভীতি। শুধু সাপই নয়, রাঘব ঘরনি নাকি যেকোনও সরীসৃপ দেখলেই ভয়ে থরথর করে কাঁপেন। আবার সাপ কিংবা অন্য় কোনও সরীসৃপের শব্দও নাড়া দেয় অভিনেত্রীকে। তাই এই ধরনের কোনও ছবিতে এখনও অভিনয় করেননি পরিণীতি।
বেশিরভাগ মহিলাই আরশোলার আতঙ্কে কাঁটা। জানলে অবাক হবেন সেই তালিকায় রয়েছেন রণবীর কাপুরও। তিনি নাকি আরশোলা দেখলেই ভয়ে কাঁটা হয়ে যান। যদি কোনও ঘরে ছোট্ট পোকাকে দেখেন সঙ্গে সঙ্গে ছুটে চলে যান অন্য ঘরে। যতক্ষণ না পোকাকে তাড়ানো হচ্ছে ততক্ষণ চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করেন অভিনেতা।
স্বামী আরশোলার ভয়ে কাঁটা। স্ত্রী আলিয়া ভাটের আবার অন্ধকারের প্রতি প্রচণ্ড ভীতি। একাধিকবার সাক্ষাৎকারে নিজে মুখে আতঙ্কের কথা বলেছেন রাহার মা। অভিনেত্রী জানান, ছোটবেলায় বোনের সঙ্গে ঝগড়াঝাটি হলে তাঁকে নাকি অন্ধকার ঘরে আটকে রাখা হত। সেই থেকে অন্ধকারে ঘরের প্রতি অত্যন্ত ভীতি আলিয়া। অভিনেত্রী নিজেই জানান, রাতে ঘুমনোর সময় পুরোপুরি অন্ধকার ঘরে ঘুমোতে পারেন না। হালকা আলো জ্বালিয়ে রাখেন।
Published By: Sayani SenPosted: 06:34 PM Mar 23, 2026Updated: 06:37 PM Mar 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
