Advertisement
ডিভোর্সের হ্যাটট্রিক করে চতুর্থবার নিকাহ! ফের সুন্দরী পাক নায়িকার সঙ্গে বিয়ে শোয়েব মালিকের?
সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ফের বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক।
তৃতীয় বিয়ে হয়েছে মাত্র এক বছর আগে। সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ফের বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। যা তাঁর তৃতীয় বিবাহ। এবার কি চতুর্থবার বিয়ে করতে চলেছেন? নেটদুনিয়ার প্রবল জল্পনার নেপথ্যে সত্যিটা কী?
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে গুঞ্জন চলছে যে মালিক ২৬শে ফেব্রুয়ারি পাকিস্তানি অভিনেত্রী লাইবা খানকে বিয়ে করতে চলেছেন। যা নিয়ে ভারত ও পাকিস্তানের ভক্তদের মধ্যে শুধু কৌতূহল নয়। বিতর্কেরও জন্ম দিয়েছে।
কে এই লাইবা খান? ১৯৯৭ সালের জানুয়ারিতে করাচিতে জন্ম পাক অভিনেত্রীর। অর্থাৎ বর্তমানে তাঁর বয়স মাত্র ২৯। শোয়েবের থেকে ১৫ বছরের ছোট। বেশ কয়েকটি টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান। বলা যায়, পাকিস্তানের বিনোদুনিয়ার অন্যতম উঠতি মুখ লাইবা।
এবার তাঁকে নিয়েই শোয়েবের বিয়ের জল্পনা ছড়িয়েছে। এর আগে তিনবার বিয়ে করেছেন পাকিস্তানের হয়ে তিন ধরনের ক্রিকেট খেলা ক্রিকেটার। মালিকের প্রথম বিয়ে হয়েছিল ২০০২ সালে। হায়দরাবাদের আয়েশা সিদ্দিকির সঙ্গে তাঁর বিবাহ হয়। তখন মালিকের বয়স মাত্র ২০ বছর।
পরে সেই বিয়ে অস্বীকারের চেষ্টা করেন শোয়েব। কিন্তু আট বছর পর আইনিভাবে ডিভোর্স করেন প্রাক্তন পাক ক্রিকেটার। তারপরেই সানিয়া মির্জার সঙ্গে রূপকথার বিয়ে। অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে শোয়েব ও সানিয়ার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। ২০১০ সালে শোয়েব ও সানিয়ার প্রেম পরিণতি পায়। বিয়ে করেন তাঁরা।
কিন্তু এরপর সানার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান শোয়েব। অন্যদিকে শোয়েবের দেশের রক্ষণশীল সমাজে নিজেকে মানাতে সমস্যা হচ্ছিল সানিয়ার। বিয়ে যত পুরনো হতে থাকে, দুই তারকা ব্যক্তিত্বের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত তৈরি হচ্ছিল। ১৪ বছরের বিবাহিত জীবন শেষ করে ২০২৪ সালে ডিভোর্সের পথে হাঁটেন শোয়েব-সানিয়া।
তারপরই পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক। যা শোয়েবের তৃতীয় বিয়ে। প্রাক্তন পাক ক্রিকেটারের নতুন জীবনসঙ্গী সানা জাভেদের বিয়ে ভাঙে। তিনি বিয়ে করেছিলেন সঙ্গীতশিল্পী উমেইর জসওয়ালকে।
এক বিজ্ঞাপনের শুটিং চলাকালীন তাঁদের প্রেম জমাট বাঁধে। বরাবর লাইমলাইটে থেকেছে তাঁদের দাম্পত্য। মাঠে বসে শোয়েবের জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে সানাকে। নেটদুনিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মধ্যে একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়েছেন অনেকবার।
কিন্তু ২০২৫-র শেষে শোনা যায়, শোয়েব এবং সানার বিবাহবিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা। তার প্রধান কারণ দু’জনের ব্যস্ততা। সানার অভিনয় কেরিয়ার এবং শোয়েবের ক্রিকেট কেরিয়ার, সব সামলে একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। সেকারণেই সম্ভবত আলাদা হবেন দু’জনে। তবে তাঁরা কেউ এ বিষয়ে মুখ খোলেননি।
Published By: Arpan DasPosted: 04:37 PM Feb 25, 2026Updated: 04:37 PM Feb 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
