Advertisement
'ভিরানা' হিট করতেই গায়েব 'পেত্নি' জেসমিন! কোথায় হারিয়ে গেলেন দাউদের 'স্বপ্নসুন্দরী'?
মাত্র ১৩ বছর বয়সে রুপোলি পর্দার জগতে পা রাখেন জেসমিন।
গত শতকের আটের দশক। মুক্তি পেল 'ভিরানা'। আপাতদৃষ্টিতে দ্বিতীয় শ্রেণির বলিউড ছবি। কিন্তু র্যামসে ব্রাদার্স নির্মিত সেই ভৌতিক ছবিই জিতে নিল দর্শকের মন। মাত্র ৬০ লক্ষ টাকায় তৈরি ছবিটি রোজগার করল দেড় কোটি টাকা! আর এই সাফল্যের সঙ্গে সঙ্গে রাতারাতি 'স্টার' হয়ে উঠলেন ছবির নায়িকা জেসমিন। কিন্তু এরপরই যেন আচমকা গায়েব হয়ে যান তিনি। এমন খ্যাতির মধ্যে কোথায় গেলেন ডাকসাইটে সুন্দরী নায়িকা? আজও তা রহস্যে মোড়া।
মাত্র ১৩ বছর বয়সে রুপোলি পর্দার জগতে পা রাখেন জেসমিন। 'সরকারি মেহমান' ছবিতে। তার আগে জিতেন্দ্রর ছবি 'হাতিম তাই'-এ তিনি ছিলেন অতিথি শিল্পীর ভূমিকায়। পরবর্তী সময়ে তিনি অভিনয় করেন 'ডিভোর্স' ছবিতে। যদিও ছবিগুলি সফল হয়নি। কিন্তু তৃতীয় ছবি 'ভিরানা' এনে দিল প্রত্যাশিত খ্যাতি! কোনও প্রেতিণীর ভূমিকায় এমন অসামান্য সুন্দরীকে দেখে মুগ্ধ হলেন দর্শকরা।
শোনা যায় গ্যাংস্টার দাউদ ইব্রাহিম নাকি হাবুডুবু খেত জেসমিনের প্রেমে। প্রেম এমনই ভয়ংকর হয়ে ওঠে, নিজের লোকদের সে নিয়োগ করত বলিউড সুন্দরীর পিছনে। কিন্তু জেসমিন নাকি এতেও বিষয়টিতে পাত্তা দেয়নি। পরে তাঁকে হুমকির মুখেও পড়তে হয়। তবু দাউদের 'ফাঁদে' পা দেননি তিনি।
কেরিয়ার যখন জমজমাট, তখনই জেসমিন গায়েব হয়ে গেলেন বিনোদুনিয়া থেকে। এরপর থেকেই চর্চা শুরু হয় তাহলে কি তাঁর 'নিরুদ্দেশ' হওয়ার নেপথ্যে দাউদ? নাকি রয়েছে অন্য কোনও রহস্য?
এই নিয়ে নানা দাবি আছে। অনেকের দাবি, আন্ডারওয়ার্ল্ডের ভয়ে দেশ ছাড়েন জেসমিন। সেই থেকে তিনি বিদেশেই আছে। 'ভিরানা'য় তাঁর সহ-অভিনেতা হেমন্ত বির্জের দাবি, আমেরিকায় রয়েছেন জেসমিন। সেখানে একজন সফল উদ্যোগপতি হিসেবেই দিন কাটাচ্ছেন নায়িকা।
এমনও বলা হয় জেসমিনের পুরো নাম জেসমিন ভাটিয়া। তিনি এক প্রবাসী রাহুল তুগনায়েতকে বিয়ে করে দেশ ছাড়েন। তারপর থেকে বিদেশেই রয়েছেন।
Published By: Biswadip DeyPosted: 05:28 PM Feb 25, 2026Updated: 05:28 PM Feb 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
