Advertisement
বিজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন রশ্মিকা, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক?
বিতর্কের দিনগুলোয় ট্রোলিংয়ের মুখে পড়েও নীরবতাকেই বেছে নেন রশ্মিকা।
ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা মন্দানা, বিজয় দেবেরাকোন্ডা। শোনা যাচ্ছে, ২৬ তারিখ উদয়পুরে বসবে চোখ ধাঁধানো বিয়ের আসর। সেই মেগা বিয়ের সাক্ষী হতে মুখিয়ে বিনোদুনিয়া।
এর আগে কিন্তু আরেকটি সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বাগদানের পরও ভেঙে গিয়েছিল সম্পর্ক। একবছরের মধ্যেই আলাদা হয়ে যায় পথ চলা। যাঁর সঙ্গে সেবার সম্পর্কে জড়িয়েছিলেন রশ্মিকা, তিনি রক্ষিত শেট্টি। কন্নড় অভিনেতা।
'কিরিক পার্টি' ছবিতে কাজ করার সময় তাঁদের মধ্যে প্রেমের সূত্রপাত। ২০১৭ সালে হয়ে যায় বাগদানও। কিন্তু ২০১৮ সালেই সম্পর্কে ইতি টানেন তাঁরা।
কেন ভেঙে গিয়েছিল রশ্মিকার সম্পর্ক? বিভিন্ন বিনোদন ওয়েবসাইটের দাবি, ২০১৮ সালে বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে থাকেন নায়িকা। সেই সময়ই 'গীত গোবিন্দম' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। ছবিটি হিট করেছিল। যুগল হিসেবে তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জন তখন থেকেই। মনে করা হয়, এই সময় থেকেই দ্রুত রক্ষিতের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায় রশ্মিকার। ফলশ্রুতি, সম্পর্কের ভাঙন।
২০১৮ সালের সেপ্টেম্বরে রশ্মিকা ও রক্ষিতের প্রেম ভেঙে যায়। এরপর নায়িকাকে বিপুল ট্রোলিংয়ের শিকার হতে হয়। পরে রশ্মিকা জানিয়েছেন, সেই পর্বটা ছিল অসম্ভব কঠিন। জীবনের অনেক শিক্ষাই তিনি পেয়েছেন সেই সময় থেকে। সম্পর্ক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণাও বদলে গিয়েছে।
বিচ্ছেদের পর বিতর্কের দিনগুলোয় নীরবতাকেই বেছে নেন রশ্মিকা। বেশি করে ডুব দেন কাজে। তিনি কন্নড় সিনেমা থেকে তেলুগু ও হিন্দি চলচ্চিত্রের জগতেও পা রাখেন। এই সময়ে তাঁর সঙ্গে বহু সহ-অভিনেতার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সেসব পত্রপাঠ উড়িয়ে দেন নায়িকা।
বিজয়-রশ্মিকাকে নিয়ে গুঞ্জন আরও জোরালো হয় ২০১৯ সালের ছবি 'ডিয়ার কমরেড' মুক্তি পাওয়ার পর থেকে। কিন্তু নায়ক ও নায়িকা কেউই এই নিয়ে টুঁবাক্যি করেননি। তাঁরা যেমন গুঞ্জন উড়িয়ে দেননি, আবার মেনেও নেননি।
গুঞ্জন ক্রমেই আরও বাড়তে থাকে রশ্মিকাকে বিজয়ের পারিবারিক অনুষ্ঠানে দেখতে পাওয়ার পর। অভিনেতা-অভিনেত্রীর সবুজ সংকেত ছাড়াই এরপর সকলেই নিশ্চিত হয়ে যান তাঁদের সম্পর্ক নিয়ে। এরপর গুঞ্জন বাড়ে তাঁদের বিয়ের তারিখ নিয়ে।
Published By: Biswadip DeyPosted: 10:14 PM Feb 07, 2026Updated: 10:14 PM Feb 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
