Advertisement
ব্যাটিং না পাওয়ায় বল হাতেই ৪৬ রান! নেটভুবনে চূড়ান্ত ট্রোলড শিবম, কটাক্ষ করছেন প্রাক্তনরাও
শিবমের বোলিং দেখে চক্ষু চড়কগাছ প্রাক্তনদের। কী বলছেন তাঁরা?
সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হওয়ার পর বৃহস্পতিবার জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে চাঙ্গা টিম ইন্ডিয়া। এবার ক্যারিবিয়ান বধের লক্ষ্যে ইডেনের ২২ গজে নামবেন তাঁরা।
রবিবারের খেলা দুই দলের কাছেই কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, সে সেমিতে। অন্য দল টুর্নামেন্টকে বিদায় জানাবে। তবে তার আগে জিম্বাবোয়ে ম্যাচ নিয়ে যত না আলোচনা, তার চেয়ে বেশি চর্চা শিবম দুবের বোলিং নিয়ে।
'কোয়ার্টার' যুদ্ধে নামার আগে ভারতের কাছে কাঁটার মতো বিঁধছে শিবম দুবের বোলিং। বলা ভালো, তাঁর যা পারফরম্যান্স রাতের ঘুম কেড়ে নিয়েছে গৌতম গম্ভীরের। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে উৎকণ্ঠা থেকেই যাচ্ছে।
তুলনায় 'দুর্বল' জিম্বাবোয়ের বিরুদ্ধে শিবম দুবের বোলিং পরিসংখ্যান ২-০-৪৬-১। অর্থাৎ ওভারপ্রতি গড়ে দিয়েছেন ২৩ রান। এরপর সূর্যকুমার যাদবের দলের 'ষষ্ঠ' বোলারকে নিয়ে নেটপাড়ায় ট্রোলের বন্যা। প্রাক্তনরাও সমালোচনায় সরব।
তাঁকে দিয়ে বোলিং করানোর বুদ্ধিটা ঠিক কার, সেটা কে জানে! প্রথম ওভারে ২৬ রান দিলেন। সেটা দেখার পরও শেষ ওভারে ফের দুবেকে নিয়ে আসা হল। এবার দিলেন কুড়ি রান! প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলছেন, "শেষ তিন ম্যাচে ৭ ওভারে ১১৩ রান দিয়েছে দুবে। জিম্বাবোয়ের বিরুদ্ধে দিল ২ ওভারে ৪৬। আগের ম্যাচে ২ ওভারে ৩২। তার আগের ম্যাচে ৩ ওভারে ৩৫। সমস্যা হল ওকে বল করতেই হবে। কারণ ও দলের ষষ্ঠ বোলার।"
আকাশ চোপড়া আরও বলেন, "তিলক বর্মা বা অভিষেক শর্মার বোলিং এখানে কাজ করবে না। তাই ষষ্ঠ বোলার হিসাবে এত রান দেওয়াতে সমস্যা বাড়ছে। যদি ষষ্ঠ বোলারের দরকার পড়ে, তাহলে বলতেই হবে দুবের কোনও আত্মবিশ্বাস নেই।"
কেবল আকাশ চোপড়া নন। দুবের বোলিংয়ের কড়া সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, "আমার মনে হয় ওর মানসিকতা নেতিবাচক ছিল। দশম ওভারে ও যেভাবে ব্রেভিসকে ওয়াইড বল করছিল, তাতে এটাই মনে হল। ওই সময় কেউ এভাবে বোলিং করে না।"
কাইফের সংযোজন, "ওই সময়টায় বোলাররা সাধারণত আক্রমণাত্মক মানসিকতা নিয়ে বল করে উইকেট নেওয়ার চেষ্টা করে। আমি মনে করি, শিবম একজন ব্যাটার, কিন্তু অলরাউন্ডার নয়।"
তাঁর কথায়, "ব্যাট হাতে যে নিয়মিত রান করবে। বল হাতেও মাঝেমাঝে উইকেট পাবে। আমরা এমন অলরাউন্ডার চাই। ঘণ্টায় যে ১২০ কিমি গতিতে বল করে, এমন অলরাউন্ডার আমাদের প্রয়োজন নেই।" আকাশ চোপড়া এবং মহম্মদ কাইফ নন, দুবের বোলিং নিয়ে সুর চড়িয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনও। তাঁর মতে, দুবেকে কোনওভাবেই ষষ্ঠ বোলার হিসাবে ব্যবহার করতে পারবে না ভারত।
দশম ওভারে ১০ বলে ওভার শেষ করেছেন শিবম দুবে। দিয়েছেন ২৬ রান। এরমধ্যে তিনটি ওয়াইড একটা নো বল। ২, ৬, ৪, ৪, ওয়াইড, ০, নো বল, ওয়াইড, ওয়াইড, ৬। এর মধ্যে আবার তাঁর একটি বল উইকেটের বাইরে পিচ করে। যা নিয়ে নেটিজেনদের অনেকেই তাঁকে কটাক্ষ করে বলছেন, 'এর চেয়ে তো আমরা অনেক ভালো বল করতাম। আন্তর্জাতিক স্তরে এমন বোলিং ভাবা যায় না।'
কেউ লিখছেন, পিচের বাইরে এমন বোলিং হাস্যকর। আমার মনে পড়ছে না কাউকে এমন বল করতে দেখেছি কিনা!' আরেক নেটিজেন দশম ওভারের পরিসংখ্যান তুলে ধরে লিখছেন, 'ব্যাটিং না পাওয়ার হতাশা এভাবেই মেটালেন দুবে।' কেউ বলছেন, 'যেখানে স্কোর বোর্ডে ২৫৬ রান। বিপক্ষ দলের নাম যেখানে জিম্বাবোয়ে। সেখানে ১০০ উপর রানে জিতবে না ভারত? নাহ, শিবম থাকলে সেটা সম্ভব নয়।'
Published By: Prasenjit DuttaPosted: 08:41 PM Feb 27, 2026Updated: 08:46 PM Feb 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
