Advertisement
মোজেসের দেশে মোদির পাতে বাংলার খিচুড়ি! ইজরায়েল সফরে প্রধানমন্ত্রীর মেনুতে আর কী, দেখুন ছবি
ইজরায়েল সফররত ভারতীয় প্রধানমন্ত্রীর খাবারের দায়িত্বে ছিলেন বিশ্বখ্যাত ভারতীয় রন্ধনশিল্পী রিনা পুষ্কর্ণ।
কূটনৈতিক প্রয়োজনে রাষ্ট্রপ্রধানদের দেশ-বিদেশ সফর নিত্যনৈমিত্তিক ঘটনা। তাতে যতই গম্ভীর বিষয় নিয়ে আলোচনা হোক না কেন, দিনশেষে সকলের মুখে হাসি ফোটায় কিন্তু সুস্বাদু খাবারদাবার। ভোজনরসিক হোক বা না হোক, রকমারি পদে সাজানো পাতের কোনও বিকল্প নেই। বরং রাষ্ট্রপ্রধানদের এসব সফরে নজর থাকে, তাঁদের জন্য বিশেষ মেনুতে কী কী রয়েছে। এই মুহূর্তে 'বন্ধু'দেশ ইজরায়েলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
'বন্ধু' মোদির খাবারদাবারের দায়িত্ব নেতানিয়াহু তুলে দিয়েছিলেন তেল আভিভের বিখ্যাত ভারতীয় রেস্তরাঁর মালকিন তথা ভারতীয় বংশোদ্ভুত রন্ধনশিল্পী রিনা পুষ্কর্ণের উপর। আর তাতেই এমন চমক। ইজরায়েলে বসে স্বদেশি খাবার ধোকলা, থেপলা থেকে বাঙালি খিচুড়ি, দক্ষিণের ইডলি, সম্বর - সব কিছু চেটেপুটে খাওয়ার সুযোগ পেলেন মোদি।
মোজেসের দেশে খাঁটি বাঙালি খিচুড়ি পাওয়া সহজ নয় মোটেও। কিন্তু যদি থাকেন রিনা পুষ্কর্ণের মতো শেফ, তাহলে তো খিচুড়ি পাওয়া বাঁয়ে হাত কা খেল! সেটাই হল ইজরায়েলের মাটিতে। বাঙালির প্রিয় খাবার খিচুড়ি পড়ল প্রধানমন্ত্রীর পাতে।
ইজরায়েল সফরে গিয়েছেন মোদি আর তাঁর মাটির গুজরাটি পদ নেই মেনুতে, তাও কি হয়? মোটেই না। রিনা পুষ্কর্ণর দক্ষ হাতে সযত্নে তৈরি হল গুজরাটি খাবার ধোকলা, খান্ডভি, থেপলাও। এসব দেখে মুখে হাসি প্রধানমন্ত্রীর।
মোজেসের দেশে বসেই মোদির পাতে পড়ল আরও বেশ কিছু সুস্বাদু নিরামিষ পদ। তড়কা ডাল, কুরকুরি ভিন্ডির সঙ্গে জমে গেল পনির টিক্কা। আসলে নরেন্দ্র মোদি সম্পূর্ণ নিরামিষাশী। তাই তাঁর জন্য পৃথিবীর হরেকরকম সুস্বাদু নিরামিষ পদ হাজির করেছেন রন্ধনশিল্পী রিনা পুষ্কর্ণ।
তবে শুধু ভারতীয় খাবার নয়, মোদির জন্য বিশেষভাবে তৈরি হয়েছে নার্গিসি কোপ্তা। এটি সাধারণত মাংসের পদ হয়। কিন্তু নিরামিষাশী মোদির জন্য রিনা গোল আলু ও পনির দিয়ে তৈরি করা হয়েছে ওই পদ। গ্রেভিতেও বিন্দুমাত্র আমিষ ছিল না। শোনা যাচ্ছে, ওই ভেজিটেরিয়ান নার্গিসি কোপ্তা বেশ ভালো লেগেছে মোদির।
এছাড়া মোদির পাত সাজানো ছিল ইজরায়েলের রকমারি ডেজার্ট এবং স্ন্যাকসে। সবই নিরামিষ এবং স্বাদে দারুণ। মনভোলানো হালকা চা থেকে জিলিপি এবং সে দেশের নিজস্ব রেসিপিতে তৈরি মিষ্টির ভাঁড়ারও কম ছিল না।
দক্ষিণী খাবার নাকি ভারী পছন্দ প্রধানমন্ত্রী মোদির। তাই তাঁর জন্য ইডলি এবং সবজি ভরা সম্বর ডালও বানানো হয়েছে। তা চেখেও দেখেছেন প্রধানমন্ত্রী। সচরাচর একসঙ্গে এত পদ তিনি খান না। তাই সব খাবারের কিছুটা জিভে ছুঁইয়েছেন।
Published By: Sucheta SenguptaPosted: 08:49 PM Feb 27, 2026Updated: 08:49 PM Feb 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
