Advertisement
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে স্বপ্নভঙ্গ ভারতের? ওয়াংখেড়েতে সূর্যদের চিন্তায় ইংল্যান্ডের পরিসংখ্যানও!
কী বলছে ওয়াংখেড়েতে ভারত-ইংল্যান্ড ম্যাচের ইতিহাস?
বিশ্বকাপে কঠিন লড়াই ভারতের। ৫ মার্চ, বৃহস্পতিবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। ওয়াংখেড়েতে ইতিহাস ইংল্যান্ডের পক্ষে কথা বলছে ঠিকই। পাশাপাশি প্রশ্ন উঠছে বৃষ্টি নিয়েও। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে ফাইনালে যাবে কে?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ জিতে সেমির অঙ্ক জটিল করে ফেলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেটা সাময়িক। ক্রিকেটের নন্দনকাননে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ৫০ বলে ৯৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে যান সঞ্জু স্যামসন।
ভারত গতবারের চ্যাম্পিয়ন। যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে কি দেশের মাটিতে সেমিতেই লড়াই শেষ হয়ে যাবে ভারতের? ওয়াংখেড়েতে ম্যাচ বাতিল হয়ে ফাইনালে যাবে কে?
আইসিসি ঘোষণা করেছে, বৃষ্টির জন্য অতিরিক্ত ৯০ মিনিট রাখা হয়েছে। সেখানে ৫ ওভারের ম্যাচ আয়োজন করা যেতে পারে। পাশাপাশি রিজার্ভ ডেও থাকছে। বুধবার কলকাতায় দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, প্রথম সেমিফাইনাল। দু'টি সেমিফাইনালের ক্ষেত্রেই এই নিয়ম থাকছে।
কিন্তু যদি দু'দিনই বৃষ্টি হয়? ভারত-ইংল্যান্ড ম্যাচে যদি বলই না গড়ায়? তাহলে সেমি থেকেই বিদায় নিতে হবে সূর্যকুমার যাদবদের। কেন? কারণ সুপার এইটের তিনটি ম্যাচেই জিতেছেন হ্যারি ব্রুকরা। সেখানে ভারত একটি ম্যাচ হেরেছে। তাই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে অ্যাডভান্টেজ পাবে ইংল্যান্ড।
'অ্যাডভান্টেজ' অন্য ক্ষেত্রেও পাবেন ইংরেজরা। সেটা হল ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ইতিহাস। সেই ১৯৮০ থেকে মুম্বইয়ে ইংরেজদের দাপট। ১৯৮০ সালে ইয়ান বোথামের অসাধারণ পারফরম্যান্সে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। বোথাম ১৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১১৪ রান করেন।
২০০৬ সালে ইংল্যান্ড ২১২ রানে জিতেছিল। অ্যান্ড্রু ফ্লিনটফের নেতৃত্বে সেবার মুম্বই টেস্টে ভারতকে হারিয়েছিল ইংল্যান্ড। দারুণ পারফর্ম করেন তরুণ পেসার জেমস অ্যান্ডারসন। ২০১২ সালেও টেস্টে অ্যালিস্টার কুকের দল ভারতকে হারিয়েছিল।
ওয়ানডেতেও ওয়াংখেড়েতে ভুগেছে ভারত। বিশেষ করে ১৯৮৭ সালের বিশ্বকাপে গ্রাহাম গুচ, মাইক গ্যাটিংরা ভারতীয় দলের স্বপ্নভঙ্গ করেছিলেন। সেমিতে হেরে কপিল দেবের ভারতের ফের ফাইনালে ওঠার রাস্তা শেষ হয়ে যায়।
২০০২ সালের ওয়ানডে ম্যাচটিও যথেষ্ট আলোচিত ও বিতর্কিত। ইংল্যান্ড শুধু সেই ম্যাচ জেতেনি। তারপর অধিনায়ক অ্যান্ডু ফ্লিনটফ জার্সি খুলে ওয়াংখেড়েতে দৌড়ন। তবে ভারত জবাবও দিয়েছিল। ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর ভিডিও আইকনিক হয়ে গিয়েছে।
Published By: Arpan DasPosted: 07:00 PM Mar 03, 2026Updated: 07:00 PM Mar 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
