Advertisement
ম্যাচ জিতিয়ে ধর্মীয় আচরণ, বিশ্বকাপ সেমিফাইনালে নির্বাসিত হচ্ছেন সঞ্জু! কী বলছে আইসিসির নিয়ম?
কেউ কেউ বলছেন, সঞ্জু নাকি ভারতের তিন প্রধান ধর্ম মতেই প্রার্থনা করেছেন।
চাপের মুখে জীবনের সেরা ইনিংসটা খেলেছেন। দলকে সেমিফাইনালে তুলেছেন। তারপর ধন্যবাদ দিয়েছেন নিজের আরাধ্য ঈশ্বরকে। তাতেই নাকি বিপাকে সঞ্জু স্যামসন। সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর সঞ্জু স্যামসন যে সেলিব্রেশন করেছেন, তাতে নাকি নিয়মভঙ্গ হয়েছ। আইসিসি সেটা খতিয়ে দেখেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৭ রানের ইনিংসের পরই হেলমেট খুলে মাটিতে ফেলে দেন। তারপরই প্রার্থনা শুরু করেন। মাটিতে হাঁটু মুড়ে বসে প্রার্থনা করতে দেখা যায় ওপেনারকে।
কেউ কেউ বলছেন, সঞ্জু নাকি ভারতের তিন প্রধান ধর্ম মতেই প্রার্থনা করেছেন। প্রথমে তিনি দু'হাত মেলে ইসলামের ভঙ্গিতে প্রার্থনা করেন। পরে দু'হাতে ক্রস চিহ্ন তৈরি খ্রিস্টান ভঙ্গিতে করে নিজের আরাধ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। সব শেষে তিনি হিন্দু ভঙ্গিতে প্রণামও করেন।
কেউ কেউ ওই সেলিব্রেশনে উচ্ছ্বসিত। কারও কারও মতে এটাই সত্যিকারের ভারতের রূপ। সঞ্জু নিজের সেরা মুহূর্তে প্রকৃত ধর্মনিরপেক্ষতাকে তুলে ধরেছেন।
কিন্তু তাঁর ওই সেলিব্রেশনেই আপত্তি আইসিসির। শোনা যাচ্ছে, আইসিসি ভারতীয় ব্যাটারের আচরণ খতিয়ে দেখেছে। দোষী সাব্যস্ত হলে তাঁকে বড়সড় শাস্তি পেতে হতে পারে।
যদিও কোনও ধর্মীয় আচরণে আইসিসির তেমন আপত্তি নেই। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার আপত্তির মূল জায়গা তাঁর হেলমেট ছুঁড়ে মারায়। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার খেলা চলাকালীন ক্রিকেটের কোনও সরঞ্জাম ছুঁড়ে ফেলতে পারে না। সেটা জার্সি হোক, ব্যাট-বল হোক, উইকেট হোক বা হেলমেট।
সঞ্জু যেহেতু হেলমেট ছুঁড়ে ফেলেছেন, তাই তাঁকে শাস্তির কবলে পড়তে হতে পারে। ম্যাচ রেফারি সেটাই খতিয়ে দেখছেন। যদিও তিনি দোষী সাব্যস্ত হলেও সেমিফাইনালে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে বড় শাস্তি পেতে হতে পারে।
নিয়ম অনুযায়ী, ক্রিকেটীয় সরঞ্জাম ছুঁড়ে ফেললে সেটাকে লেভেল ওয়ান অপরাধ হিসাবে গণ্য করা হয়। লেভেল ওয়ান অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হতে পারে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা। সঙ্গে এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে তাঁকে। এসব ক্ষেত্রে অপরাধ গুরুতর হলে চার ডিমেরিট পয়েন্ট এবং এক ম্যাচ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। সঞ্জুর ক্ষেত্রে সে সম্ভাবনা কম।
সঞ্জুর ধর্মীয় আচরণও খতিয়ে দেখা হচ্ছে। তবে তাতে শাস্তি পাওয়ার সম্ভাবনা কম। এমনিতে আইসিসি প্রার্থনা, বা পজিটিভ ধর্মীয় আচরণকে সমর্থনই করে। তবে তাতে যদি কোনও ধর্মকে উসকানি দেওয়া হয়, তাহলে বিরাট শাস্তি হতে পারে। যদিও সঞ্চুর আচরণে তেমন কিছু হয়নি।
Published By: Subhajit MandalPosted: 07:37 PM Mar 03, 2026Updated: 08:52 PM Mar 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
