অস্ট্রেলিয়ায় ভাঙা পড়ল মহাত্মা গান্ধীর মূর্তি। পা কেটে মূর্তি নিয়ে পালাল দুষ্কৃতীরা। মেলবোর্নের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই ভারতের তরফে দ্রুত পদক্ষেপের আরজি জানিয়ে ঘটনার তীব্র নিন্দা করেছে কেন্দ্র। এর আগে ২০২১ সালেও একই রকম ঘটনা ঘটেছিল। ফের তার পুনরাবৃত্তি ঘটল।মেলবোর্নের রোভিলে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 'ভারত মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা বিষয়টি অস্ট্রেলীয় প্রশাসনের কাছে জানিয়েছি। এবং দ্রুত পদক্ষেপ করে মূর্তি উদ্ধার ও দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যাবস্থার আরজিও জানিয়েছি।'
জানা গিয়েছে, গত ১২ জানুয়ারি দুষ্কৃতীরা ওই গান্ধীমূর্তিটি কেটে নিয়ে পালায়। দেখা যায়, অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে কেবল পড়ে রয়েছে ব্রোঞ্জের মূর্তিটির পা! ২০২১ সালের ১২ নভেম্বর তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন মূর্তিটির উদ্বোধন করেছিলেন। অস্ট্রেলীয় ভারতীয় সম্প্রদায়ের দাতব্য ট্রাস্টের সদস্য সন্তোষ কুমার জানিয়েছেন, সিসিটিভিতে আংশিক ভাবে অপরাধটির হদিশ মেলার পরই বিষয়টি নজরে আসে। তাঁর কথায়, ''একজন জাতীয় নেতার মূর্তিটি এভাবে অদৃশ্য হওয়ায় আমরা দুঃখিত... মুখোশ পরা কয়েকজন লোক একটি সাদা ভ্যানে করে এসেছিল। বিস্তারিত তথ্য পুলিশকে জানানো হয়েছে।''
এর আগে অস্ট্রেলিয়াতেই মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের মূর্তি ভাঙা পড়েছিল মেলবোর্নে। ঘটনার পর পালটা গুজরাটে নাথুরাম গডসের একটি মূর্তিও ভাঙা হয়। জামনগরে নাথুরাম গডসের ওই আবক্ষ মূর্তিটি স্থাপন করেছিল ‘হিন্দু সেনা’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন। সেই মূর্তি ভাঙায় অভিযুক্ত ছিলেন জামনগরের তৎকালীন কংগ্রেস সভাপতি দিগুভা জাদেজা ও তাঁর অনুগামীরা।
