দু’সপ্তাহে চতুর্থবার। ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালাল আমেরিকা-ইজরায়েল। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। একের পর এক হামলায় ওই পরমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানো নিয়ে আতঙ্ক বাড়ছে।
ইরানের সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ বুশেহর পারমাণবিক কেন্দ্রের অদূরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। ঘটনায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যু হয়েছে এক নিরাপত্তারক্ষীর। তবে পরমাণু কেন্দ্রের মূল অংশটি সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে তারা। অভিযোগ করা হয়েছে, আমরিকা এবং ইজরায়েল যৌথভাবে এই হামলা চালিয়েছে। যদিও এই হামলার জেরে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বৃদ্ধি পায়নি বলে দাবি করেছে তারা। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলার কড়া নিন্দা করেছেন। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ইউক্রেনের জাপোরজিয়া পারমাণবিক কেন্দ্রের কথা মনে আছে? একই ছবি ইরানে দেখা যাচ্ছে। বুশেহরে এই নিয়ে চারবার হামলা হল। লাগাতার হামলার জেরে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে পারে। পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
আন্তর্জাতিক পরমাণু নজরদার সংস্থা (আইএএইএ) গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংস্থাটির ডিরেক্টর রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, "পারমাণবিক কেন্দ্রে কখনই আক্রমণ করা উচিত নয়। শুধু তা-ই নয়, পারমাণবিক কেন্দ্র সংলগ্ন ভবনগুলিতে অত্যাবশ্যকীয় নিরাপত্তা সরঞ্জাম থাকে। এগুলির ক্ষতি হলে পরিস্থিতি খারাপ হতে পারে। আইএএইএ উল্লেখ করেছে, সাম্প্রতিক এই হামলায় তেজস্ক্রিয় বিকিরণের কোনও খবর মেলেনি। তবে সেখানের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই চাঙর মাথায় ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক নিরাপত্তাকর্মীর।
