মার্কিন যুদ্ধবিমানের জন্য এবার নিজেদের আকাশসীমা বন্ধ করল স্পেন। একইসঙ্গে তারা ফের স্পষ্ট করে দিয়েছে, ইরান যুদ্ধে (Iran War) নিজেদের সামরিক ঘাঁটিগুলি তারা কোনও মতেই আমেরিকাকে (US) ব্যবহার করতে দেবে না। সোমবার একথা জানালেন স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোব্লেস।
মাদ্রিদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ইরান যুদ্ধ-সম্পর্কিত কোনও কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেব না। এমনকী আমাদের আকাশসীমা ব্যবহারেও আমরা অনুমোদন দেব না।” সম্প্রতি স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’ তাদের একটি প্রতিবেদনে এমনই দাবি করেছিল। এক সেনাকর্মীকে উদ্ধৃত করে তারা জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের অভিযানে অংশগ্রহণরকারী কোনও সামরিক বিমানকে স্পেনের আকাশপথে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে জরুরি পরিস্থিতিতে আকাশসীমা বন্ধের বিষয়টি প্রযোজ্য নয়। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো বলেন, “এই সিদ্ধান্তটি স্প্যানিশ সরকারের পূর্বনির্ধারিত সিদ্ধান্তেরই একটি অংশ। একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে গিয়ে শুরু হওয়া কোনও যুদ্ধে অংশগ্রহণ করা থেকে স্পেন বিরত থাকবে।”
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার স্পেন জানিয়েছে, ইরান যুদ্ধে নিজেদের সামরিক ঘাঁটিগুলি তারা আমেরিকাকে ব্যবহার করতে দেবে না। চলতি মাসের প্রথম দিকে ওয়াশিংটন দাবি করেছিল, ইরান যুদ্ধে নামছে স্পেন। সেই মার্কিন দাবি খারিজ করে দেয় মাদ্রিদ। স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাফ জানিয়ে দিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত।
উল্লেখ্য, ইরানের উপর মার্কিন এবং ইজরায়েলি হামলার সমালোচনায় মুখর হয়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তেহরানের উপর ধারাবাহিক এই আক্রমণগুলিকে তিনি 'বেপরোয়া' এবং 'অবৈধ' বলেও আখ্যা দিয়েছিলেন। তবে স্পেনের এহেন আচরণে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী স্পেনের সঙ্গে তিনি বাণিজ্য বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছিলেন।
স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য। আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য ২৭টি দেশের বাণিজ্যিক সম্পর্কের উপর এই জোটই নজর রাখে। স্পেনের প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে, ইরানের উপর হামলা মধ্যপ্রাচ্যে বড় সামরিক সংকট তৈরি করতে পারে। ঠিক যেমনটা এর আগে হয়েছিল, যখন আমেরিকা ইরাক এবং আফগানিস্তানে সামরিক অভিযান চালিয়েছিল। স্যাঞ্চেজের কথায়, "সংক্ষেপে বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে স্পেন সরকারের অবস্থান চার শব্দে ব্যাখ্যা করতে পারি। যুদ্ধে আমাদের মত নেই।’’
