shono
Advertisement
Eastern Railway

রেলপথে রাজ্যে ঢুকছে দেদার টাকা, গাঁজা! রেলরক্ষীদের অভিযানে গ্রেপ্তার ৪ পাচারকারী

'স্বাধীন, সুষ্ঠু ও নির্ভীক' নির্বাচন নিশ্চিত করতে আরপিএফ বিভিন্ন স্টেশন চত্বরে একাধিক সফল অভিযান চালিয়েছে।
Published By: Jaba SenPosted: 04:21 PM Mar 27, 2026Updated: 04:21 PM Mar 27, 2026

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আদর্শ আচরণবিধি (এমসিসি) কার্যকর হওয়ার পর পূর্ব রেলের বিভিন্ন জায়গায় নজরদারি ও অভিযান জোরদার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। 'স্বাধীন, সুষ্ঠু ও নির্ভীক' নির্বাচন নিশ্চিত করতে আরপিএফ বিভিন্ন স্টেশন চত্বরে একাধিক সফল অভিযান চালিয়েছে। এর ফলে লক্ষ লক্ষ টাকার গাঁজা ও নগদ উদ্ধার হয়েছে। ধৃত ৪ জনের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে আইনি পদক্ষেপ ।

Advertisement

সম্প্রতি হাওড়া থেকে আনুমানিক ৬ লক্ষ টাকা বাজারমূল্যের প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে আরপিএফ। এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করে হাওড়া জিআরপিএসের হাতে তুলে দেওয়া হয়েছে। শিয়ালদহে আরপিএফ সিআইবি-র এক অভিযানে এক ব্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে শিয়ালদহ জিআরপিএসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় রুজু হয়েছে মামলা। পাশাপাশি নিউ কোচবিহার স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকা ৩.০৪ কেজি গাঁজা উদ্ধার করে আরপিএফ ডগ স্কোয়াড (আলিপুরদুয়ার)। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৫২ হাজার টাকা। উদ্ধার হওয়া মাদক নিউ কোচবিহার জিআরপিএসের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, তমলুকের আরপিএফ পোস্টের আধিকারিকরা হলদিয়ায় অভিযান চালিয়ে ২০.৮ কেজি গাঁজা-সহ দুই ব্যক্তিকে আটক করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা। ধৃতদের হলদিয়া জিআরপিএসের হাতে তুলে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে নির্বাচনের আবহে আদর্শ আচরণবিধি চলাকালীন তল্লাশি, গেট-চেকিংয়ের কাজে জোর দিয়েছে আরপিএফ। পাশাপাশি অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে তারা। এই ধারাবাহিক পদক্ষেপের প্রশংসা করেছেন পূর্ব রেলের আরপিএফের আইজি। পাশাপাশি আধিকারিকদের নিষ্ঠা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement