খেলার ময়দানে বহু প্রতিকূল পরিস্থিতি পার করেছেন স্বপ্না বর্মন। কিন্তু এবার পারলেন না। মারা গেলেন এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট, রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনের (Swapna Barman) বাবা পঞ্চানন বর্মন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে খবর। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন স্বপ্না।
দেশের হয়ে মাঠের লড়াইয়ে একাধিকবার সোনা জিতেছেন স্বপ্না। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূল বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) প্রার্থী তালিকা প্রকাশ করে। দেখা যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ আসনে দল তাঁকে প্রার্থী করেছে। ভোটের প্রচারের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন স্বপ্না। তবে তার মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন স্বপ্নার বাবা পঞ্চানন বর্মা। তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ভেন্টিলেশনে ছিলেন। বাবাকে সুস্থ করিয়ে বাড়ি ফেরানোর জন্য কসুর করেননি তিনি। তবুও শেষপর্যন্ত আর সম্ভব হল না।
দিন কয়েক আগে পঞ্চাননবাবুর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল। তবে পরিবারের তরফে জানানো হয়, এমন কোনও ঘটনা ঘটেনি। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। বাবার আরোগ্য কামনার জন্য পুজোও দিয়েছিলেন স্বপ্না। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ঢিং পাড়া এলাকার বাসিন্দা স্বপ্না। জানা গিয়েছে, পঞ্চানন বর্মা কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। মেয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি সবসময় পাশে ছিলেন। পঞ্চাননবাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁরা বাড়িও গিয়েছেন। স্বপ্নার পাশে থাকার বার্তা দিয়েছেন নেতৃত্বরা। বৃহস্পতিবার ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন স্বপ্না বর্মন (Swapna Barman)।
