উত্তরপ্রদেশে আধ্যাত্মিক সফরে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সফরে অযোধ্যা, মথুরা, বৃন্দাবনের মতো তীর্থস্থান পরিদর্শনের পাশাপাশি তিনি গেলেন জনপ্রিয় প্রেমানন্দ মহারাজের আশ্রমে। শুক্রবার বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রমে প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি আধ্যাত্মিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে।
রাষ্ট্রপতির ৩ দিনের এই উত্তরপ্রদেশ সফরে শুক্রবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে রাধা কেলি কুঞ্জ আশ্রমে পৌঁছন দ্রৌপদী মুর্মু। সেখানে প্রেমানন্দজির শিষ্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে অভ্যর্থনা জানান। এরপর মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে আধ্যাত্মিকতা, সামাজিক সম্প্রীতি ও মানুষের কল্যাণে আস্থার ভূমিকা নিয়ে দীর্ঘ আলোচনা হয় তাঁদের। এরপর বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও জনসেবা মূলক কর্মসূচিতে যোগ দেন। এছাড়াও এদিন নানা কর্মসূচিতে যোগ দেবেন রাষ্ট্রপতি। আজ বৃন্দাবনে নিম করৌলি বাবার স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। সন্ধ্যেয় বৃন্দাবনে উন্নত ক্যানসার চিকিৎসার লক্ষ্যে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের নতুন অঙ্কোলজি ব্লকের উদ্বোধন করবেন।
বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রমে প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি আধ্যাত্মিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয় তাঁদের মধ্যে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ থেকে উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সফরে অযোধ্যা, মথুরা ও বৃন্দাবনের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় প্রার্থনা ও পুজোপাঠ করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় যান মথুরা ইসকন মন্দিরে। সেখানে সন্ধ্যারতিতে যোগ দেওয়ার পাশাপাশি স্বামী প্রভুপাদের সমাধিতে শ্রদ্ধা জানান। সেখান থেকে বেরিয়ে যান কৃষ্ণ-বলরাম ও শ্যামসুন্দর মন্দিরে প্রার্থনা করতে। এর আগে অযোধ্যায় রামমন্দিরে গিয়ে স্থাপন করেন 'শ্রীরাম যন্ত্র'।
জানা যাচ্ছে, আগামী ২১ মার্চ শেষ হবে রাষ্ট্রপতির এই সফর। এই সময়ের মধ্যে তিনি 'বাত্সল্য গ্রাম' সফর করবেন। যেখানে ও অনাথ শিশুদের পরিচর্যা করা হয়। এছাড়াও ঐতিহ্যবাহী গোবর্ধন পরিক্রমায় অংশ নেবেন রাষ্ট্রপতি মুর্মু।
