Advertisement
'দলের লভ্যাংশ দিয়ে ফিরিয়ে আনুন', নাইটদের হাল ফেরাতে ফের 'গুরু' গম্ভীরের দ্বারস্থ শাহরুখ?
হারের হ্যাটট্রিক। দল অগোছালো। গম্ভীর জমানার সাহসী ক্রিকেটকে মিস করছে কেকেআর?
তিনি এসেছেন, দেখেছেন, জিতেছেন। আবার তিনি চলে গিয়েছেন, নেমে এসেছে অন্ধকার। কথা হচ্ছে, গৌতম গম্ভীর ও কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কেকেআরের তিনবার আইপিএল জয়ের কারিগর একজনই। যিনি বর্তমানে ভারতীয় দলের কোচ। তবে ললিত মোদির মতো অনেকেই মনে করছেন, 'গুরু' গম্ভীরকে নাইট রাইডার্সের লভ্যাংশ দিয়ে হলেও ফিরিয়ে আনা উচিত।
সেটার অনেক দেরি হয়ে গিয়েছে। ২০২৪-এ নাইট রাইডার্সকে মেন্টর হিসেবে আইপিএল জেতানোর পরই কি জাতীয় দলের দায়িত্ব পান গম্ভীর। যে কোনও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দেশের কোচিং করানোকেই প্রাধান্য দেবে। গম্ভীরও তাই করেছেন। ২০২৭ সালে টিম ইন্ডিয়ার চুক্তি শেষ হচ্ছে। তারপর...?
সেটা তো অনেক পরের কথা। কিন্তু এবার যা অবস্থা, তাতে প্লেঅফ যাওয়া অসম্ভব হয়ে উঠছে। হারের হ্যাটট্রিক। দল অগোছালো। এটা ঠিক যে চোট-আঘাতের সমস্যা আছে। কিন্তু গম্ভীর থাকলে অন্তত নাইটদের এত ছন্নছাড়া দেখাত না। এত 'ভয়ে ভয়ে' খেলত না। তাঁর আমলে সাহসী ক্রিকেট খেলত কেকেআর। সেটাই গত দু'বছরে নেই।
এবছর শুরু থেকেই সমস্যা। একে-একে বলা যাক। বোলিং বিভাগ নিঃসন্দেহে দুর্বল। মুস্তাফিজুর রহমান বাদ। চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা, আকাশ দীপ। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা কবে আসবেন কেউ জানে না। সবে মাত্র হাত ঘোরানো শুরু করেছেন ২৫ কোটির গ্রিন। তার উপর বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের হাতের ম্যাজিকও ফিকে।
কিন্তু সমস্যা শুধু বোলিংয়ে নয়। মুজারাবানি বা বৈভব অরোরা কোনও রকমে কাজ চালিয়ে দেবেন। তার থেকেও বড় মুশকিল দলের কম্বিনেশনে। বোলিং বিভাগ শক্তিশালী করতে গেলে ফিনিশার পাওয়া যাচ্ছে। আবার রাজস্থান ম্যাচে বড় রান তুলতে গিয়ে ছন্দে থাকা মুজারাবানিতে বসিয়ে দেওয়া হল।
মাঝের দিকের ওভারে রান উঠছে না। রিঙ্কু সিং বহুদিন হল ফর্মে নেই। ২৫ কোটির ক্যামেরন গ্রিনের উপর ইতিমধ্যে ভরসা হারাতে শুরু করেছেন নাইট-ভক্তরা। রমনদীপ সিংয়ের কাজটা ঠিক কী, সেটা সম্ভবত তিনি নিজেও জানেন না। লখনউয়ের বিরুদ্ধে মাঝের ৫ ওভারে উঠেছে মাত্র ১৭ রান।
এদিকে অজিঙ্ক রাহানের ব্যাট কোনও দিন চলছে, কোনও দিন চলছে না। নেতৃত্বে পাশ মার্ক পাবেন না। আরেকটি সমস্যা হল, নাইট রাইডার্সে বাউন্ডারি মারার লোকের অভাব। যে দলে আন্দ্রে রাসেল 'পাওয়ার কোচ', সেই ম্যাচে ৪৩টা ডট বল খেলেছে।
গৌতম গম্ভীর থাকলে কি এই সমস্যাগুলোর সমাধান হত? কারও পক্ষে গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। কিন্তু তাঁর আমলে কেকেআর সাহসী ক্রিকেট খেলত। যাকে বলে 'হাই রিস্ক, হাই গেইন।' সেই বিশ্বাসটা দলের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছিলেন গম্ভীর। তার ফলে অধিনায়ক হিসেবে দু'টো ও মেন্টর হিসেবে একটি আইপিএল তাঁর ঝুলিতে।
এখন ললিত মোদির পরামর্শ, কেকেআরের জন্য গম্ভীরের থেকে ভালো কেউ হতেই পারেন না। নাইট রাইডার্সের ম্যানেজমেন্টকে আইপিএলের 'প্রতিষ্ঠাতা'র বার্তা, 'যেভাবেই হোক ওঁকে ফিরিয়ে নিয়ে আসুন। যা প্রয়োজন, যা দরকার হয় করুন। দরকারে শেন ওয়ার্নের মতো তাঁকে দলের লভ্যাংশ দিন।' অজি কিংবদন্তিকে রাজস্থান রয়্যালস তিন শতাংশ শেয়ার দিয়েছিল।
Published By: Arpan DasPosted: 09:23 PM Apr 10, 2026Updated: 09:23 PM Apr 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
