Advertisement
চুলের ধরনই বলে দেবে আপনি কেমন মানুষ? পরখ করে দেখতে পারেন
হাজার ব্যস্ততার ফাঁকে নিজেকে ভালোবাসুন। ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নিন। দেখবেন, আপনার চুলই হয়ে গিয়েছে অন্যের ঈর্ষার কারণ।
চুলই যেন সৌন্দর্যের চাবিকাঠি। চুল নিয়ে কতই না মাথাব্যথা তন্বীর। তেল, শ্যাম্পু বাছাইয়ের ক্ষেত্রে কতই না সাবধানতা। সেসব ব্যবহারের পর আয়নার সামনে দাঁড়িয়ে আঁচড়ানোর পর একটি চুল উঠে গেলেই মনখারাপ। আবার স্বাস্থ্যোজ্জ্বল চুলের দোলায় যেন খিলখিল করে হেসে ওঠে তাঁর মন। অনেকেই বলেন, চুলের ধরন নাকি বলে দেবে আপনি কেমন মানুষ। শুধু পরখ করতে জানতে হবে।
পিক্সি কাট এখন ফ্যাশনে ইন। যাঁরা বড় চুল পছন্দ করেন না কিংবা সামলাতে পারেন না তাঁরা এভাবে চুল কাটেন। এই ধরনের চুল কাটলে স্টাইলিশ লাগে যেকোনও তরুণীকে। যাঁরা এভাবে চুল কাটেন তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসী, দৃঢ় এবং বাস্তববাদী। এমন চুলের তন্বীরা স্বাধীন, তৎপরও হন।
ব্যস্ত দিনে লম্বা চুল সামলানো সত্যিই কঠিন। যা অনেকের কাছে ঝঞ্ঝাট ছাড়া আর কিছুই নয়। তবে কেউ কেউ লম্বা চুল ভালোবাসেন। ব্যস্ততার মাঝে সময় বের করে চুলের যত্নও নেন। লম্বা চুলের অধিকারিণীরা নাকি অনেক বেশি ধৈর্যশীল হল। তাঁরা প্রেমে পড়েন তাড়াতাড়ি। আবার প্রেমে পড়লে সঙ্গীর প্রতি অত্যন্ত দায়বদ্ধ হন। তাঁরা সৃজনশীলতাও অনেক বেশি।
কোচকানো ঝাঁকড়া চুল অনেকে পছন্দ করেন না। তবে এমন চুলের মহিলার সংখ্যাও নেহাত কম নয়। এই ধরনের চুল যাঁদের তাঁরা নাকি অত্যন্ত আত্মবিশ্বাসী হন। একেবারে স্পষ্টবক্তা। যা মনে হয়, তা বলে দিতে একবারের জন্য কুণ্ঠাবোধ করেন না। তাঁরা বন্যপ্রাণপ্রেমী। আবার তাঁদের পশুপ্রেমও অনেক বেশি।
স্ট্রেট চুলের পছন্দ করেন বেশিরভাগ মহিলা। অনেক টাকা খরচ করে চুল স্ট্রেট করেন কেউ কেউ। হিসাব বলছে, স্ট্রেট চুলের অধিকারিণীরা অনেক বেশি গোছানো স্বভাবের হন। তাঁরা পছন্দ করেন একেবারে গুছিয়ে জীবন কাটাতে। তাই বাড়ি থেকে আলমারি, এমনকি অফিসে যেখানে বসে কাজ করেন - তার আশপাশের জায়গা গুছিয়ে রাখেন। নিয়মশৃঙ্খলার বাঁধনেও জীবন কাটাতে পছন্দ করেন তাঁরা।
অল্প ঢেউ খেলানো চুল হয় কারও কারও। তাঁদের চুলের গোছ সাধারণত একটু কম হয়। তাঁরাও কিন্তু মন্দ মানুষ নন। বরং বেশ অন্যরকম। এই ধরনের চুলের অধিকারিণীরা সাধারণত বেশি ভেবে চিন্তে কাজ করেন না। তাঁরা যেকোনও ট্রেন্ডে গা ভাসিয়ে দিতে চান। তাতে তাঁর ভালো হবে নাকি মন্দ, সে বিষয়ে একেবারেই ভাবনাচিন্তা করেন না। অনেক সময় দেখা যায়, এই অভ্যাস তাঁদের বিপদ ডেকে এনেছে।
তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরবেন। কিংবা ধরুন আজ আর সেভাবে সাজগোজ করতে ইচ্ছা করছে না। ঝটপট পনিটেল করে নেন কেউ কেউ। আপনিও কি তাঁদেরই তালিকায়? তবে চলুন জেনে নেওয়া যাক আপনি কেমন মানুষ। তথ্য বলছে, যাঁরা পনিটেল করতে অত্যন্ত পেশাদার এবং নিজের লক্ষ্যে স্থির। যাঁরা নিজের লক্ষ্যের প্রতি অবিচল, তাঁদের খুবই পছন্দও করেন আপনি।
এবার আসা যাক, যাঁরা নানা অদ্ভুত রঙে চুল রাঙান তাঁদের কথায়। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, যাঁরা অত্যন্ত অ্যাডভেঞ্চার প্রেমী তাঁরা অন্য ধরনের রঙে চুল রাঙান। নইলে এমন সাহস হবেই না। বরং লোকে কী বলবে এই ভেবে চুল রাঙাতেও ভুলে যাবেন তাঁরা। আবার তাঁরা নাকি অত্যন্ত সৃজনশীলও হন।
চুলের সঙ্গের মনের সম্পর্ক অনেক। চুল কাটার ধরন বদলে যাওয়া মানেই মুখের গড়নও নাকি বদলে যায়। তাই নিজেকে একটু নতুনভাবে দেখার বাসনায় অনেকেই মাঝেমধ্যে চুলের স্টাইল বদল করেন। কেউ কেউ বলেন, এই পন্থায় নাকি আত্মবিশ্বাস বাড়ে তাঁদের। তাই একঘেয়েমি কাটাতে এমন পন্থা আপনিও অবলম্বন করতে পারেন।
আবার জানেন কি, আপনার চুলের স্বাস্থ্যের সঙ্গে আত্মবিশ্বাস সম্পর্কযুক্ত। যেমন ধরুন চুলের অবস্থা দফারফা মানেই মনখারাপ। আবার চুল একেবারে ঝলমল করে উঠছে মানেই আপনিও আত্মবিশ্বাসে টগবগ করছেন। তাই চুলের যত্ন নিন। হাজার ব্যস্ততার ফাঁকে নিজেকে ভালোবাসুন। ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নিন। দেখবেন, আপনার চুলই হয়ে গিয়েছে অন্যের ঈর্ষার কারণ।
Published By: Sayani SenPosted: 06:04 PM Apr 11, 2026Updated: 06:04 PM Apr 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
