Advertisement
'কেকেআর জানত গ্রিন বল করবে না', রাহানেকে পালটা, অলরাউন্ডারকে নিয়ে নতুন নির্দেশিকা অজি বোর্ডের
ক্যামেরন গ্রিন থেকে শুরু করে মিচেল স্টার্ক-আইপিএলে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটারদের তালিকায় জ্বলজ্বল করে অজিদের নাম। তবু ফ্র্যাঞ্চাইজিদের উপর ছড়ি ঘোরায় অজি বোর্ড!
কোটি কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দলে নেওয়া হয়। ক্যামেরন গ্রিন থেকে শুরু করে মিচেল স্টার্ক- আইপিএলে সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটারদের তালিকায় জ্বলজ্বল করে তাঁদের নাম। কিন্তু প্রশ্ন উঠছে, অজি ক্রিকেটারদের কিনে কি আসলে ফ্যাসাদে পড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলি? বিরাট অর্থ খরচ করে আদৌ কি লাভ হচ্ছে?
বিতর্ক দানা বাঁধছে আইপিএলের প্রথম দুই ম্যাচের পরই। চলতি মরশুমে ২৫.২০ কোটি টাকা খরচ করে গ্রিনকে কেনে কেকেআর। কিন্তু প্রথম ম্যাচে তিনি বলই করলেন না। হারের পর নাইট অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, অজি ক্রিকেট সংস্থার নির্দেশেই গ্রিনকে তিনি বল করাতে পারেননি।
ম্যাচের পরদিন ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, আগামী ১০-১২দিন বল করানো যাবে না গ্রিনকে দিয়ে। সেটা কেকেআর ম্যানেজমেন্টকেও জানিয়ে দেওয়া হয়েছে। অজি ক্রিকেট সংস্থার মতে, গ্রিনের পিঠে সমস্যা রয়েছে ফলে তাঁকে দিয়ে বোলিং করানো যাবে না। তবে দ্রুত বল করার জন্য ফিট হয়ে যাবেন তিনি।
প্রশ্ন উঠছে, বিরাট দাম পাওয়ার পরেই কেন চোটের কবলে পড়ছেন অজি ক্রিকেটাররা? ইতিমধ্যেই জানা গিয়েছিল, চোট রয়েছে অজি পেস ত্রয়ী জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের। তাঁদের ফিটনেস নিয়ে অজি বোর্ডের তরফে ফ্র্যাঞ্চাইজিদের আলাদা করে নির্দেশিকাও দেওয়া হয়েছে।
চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে আরসিবি। সেই ম্যাচে খেলেননি হ্যাজেলউড। তাঁর ফিটনেসের সমস্যা ছিল বলেই প্রথম একাদশে রাখা হয়নি। উল্লেখ্য, ১২.৫০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে আরসিবি। কিন্তু মেগা টুর্নামেন্টের প্রথমদিকে তাঁকে খেলানোই যাবে না।
একই সমস্যা অজি অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়েও। ১৮ কোটি টাকায় তাঁকে রিটেন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলেননি কামিন্স। আইপিএলের প্রথম পর্বের কোনও ম্যাচেই তাঁকে দেখা যাবে না। দ্বিতীয় পর্বে মাঠে নামতে পারেন কামিন্স।
নেটে ইতিমধ্যেই বল করছেন এই তিন অজি তারকা। গ্রিনকে দেখা গিয়েছে কেকেআরের অনুশীলনে বল করতে। হ্যাজেলউড-কামিন্সরাও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে ফেলেছেন। নেটে অনুশীলন করছেন। কিন্তু ম্যাচে তাঁদের বল করানোর অনুমতি মিলছে না। স্বভাবতই প্রত্যেকটি টিম বিপদে পড়ছে।
অজি পেসার মিচেল স্টার্ক এখনও পর্যন্ত ভারতে এসেই পৌঁছননি। প্রশ্ন উঠছে তাঁর দায়িত্ববোধ নিয়ে। তারকা পেসার এতটাই সমালোচিত হয়েছেন যে সোশাল মিডিয়ায় নিন্দুকদের পালটা দিয়ে মুখও খুলতে হয়েছে তাঁকে। আইপিএলের প্রথম পর্বে তিনি দলের সঙ্গে যোগই দিতে পারবেন না।
নিলাম থেকে ৩ কোটি টাকায় অজি অলরাউন্ডার কুপার কনোলিকে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু তাঁকে দিয়েও বল করানো যাবে আপাতত, এমনটাই খবর। ফলে প্রশ্ন উঠছে, জলের মতো টাকা খরচ করেও যদি ক্রিকেটারদের মাঠে নামানো না যায় তাহলে তাঁদের কিনে লাভ কী?
Published By: Anwesha AdhikaryPosted: 12:30 PM Mar 30, 2026Updated: 01:37 PM Mar 30, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
