Advertisement
শ্রীনগরের লালচক ঢাকল খামেনেইয়ের ছবিতে, বোরখা পরেই বিশ্বজুড়ে 'সুপ্রিমো' হত্যার প্রতিবাদ মহিলাদের
পাকিস্তান, ইরাক-সহ নানা দেশে কাতারে কাতারে মানুষ পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছেন। ভারতেও কাশ্মীর, লাদাখের মতো নানা জায়গায় পথে নেমেছেন হাজারে হাজারে প্রতিবাদী।
আমেরিকা-ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা খামেনেইয়ের। এই হত্যার প্রতিবাদে উত্তাল বিশ্বের একাধিক দেশ। বিক্ষোভ শুরু হয়েছে ভারতের একাধিক এলাকাতেও।
রবিবার ভোরে ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা শহিদ হয়েছেন। শনিবার তিনি তাঁর দপ্তরে কাজ করছিলেন। সেই সময়েই আমেরিকা-ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার।
খামেনেইয়ের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার পরিজনরাও। নিহত খামেনেইয়ের কন্যা, জামাই এবং নাতি-নাতনিরা, এমনটাই খবর জানা গিয়েছে।
তারপর থেকেই পাকিস্তান, ইরাক-সহ নানা দেশে কাতারে কাতারে মানুষ পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছেন। এমনকি পাকিস্তানের মারমুখী জনতা জনতা হামলা চালিয়েছে করাচির মার্কিন কনসুলেটে।
ভারতেও কাশ্মীর, লাদাখের মতো নানা জায়গায় পথে নেমেছেন হাজারে হাজারে প্রতিবাদী। শ্রীনগরের ঐতিহ্যবাহী লালচকে খামেনেইয়ের বিশাল ছবি নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ।
জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে আটটার সময়ে লখনউয়ে বিরাট মাপের প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি করবে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড।
আগামী তিনদিন ধরে শোক পালন করবে এই সংগঠন। কালো পোশাক পরে, বাড়িতে কালো পতাকা উত্তোলন করে আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন হবে বলে জানিয়েছেন শিয়া মৌলানা ইয়াসুব আব্বাস।
জম্মু এবং কাশ্মীরের একাধিক এলাকায় শুরু হয়েছে খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদ। শ্রীনগর, বদগাঁও, বান্দিপোরা, অনন্তনাগ, পুলওয়ামা-সর্বত্রই ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আগুন।
তবে প্রতিবাদের মধ্যেও শান্তি বজায় রাখতে আহ্বান জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, 'যাঁরা শোকপ্রকাশ করছেন, তাঁদের শান্তিপূর্ণভাবে শোক পালন করতে দিতে হবে। পুলিশকে বিবেচনাপূর্বক পদক্ষেপ করতে হবে।
Published By: Anwesha AdhikaryPosted: 05:14 PM Mar 01, 2026Updated: 05:14 PM Mar 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
