Advertisement
এবার বিশ্বকাপে মেসি-রোনাল্ডোদের ম্যাচ দেখা যাবে ইউটিউবে! বদলাচ্ছে গুচ্ছ নিয়ম, জেনে নিন খুঁটিনাটি
ফিফার সঙ্গে ইউটিউবের বিরাট অঙ্কের চুক্তি হয়েছে।
এবার বিশ্বকাপে মেসি-রোনাল্ডোদের ম্যাচ দেখা যাবে ইউটিউবেও! নতুন পরিকল্পনা নিয়ে হাজির ফিফা। সম্প্রতি ইউটিউবের সঙ্গে চুক্তি করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। তবে পুরো ম্যাচ দেখা যাবে না। তা সত্ত্বেও ২০২৬-র বিশ্বকাপে কী কী সুবিধা পাওয়া যাবে ইউটিউবে?
জুন-জুলাইয়ে বসছে বিশ্বকাপের আসর। আমেরিকা-মেক্সিকো-কানাডায় ফুটবলের বিশ্বযুদ্ধ দেখার জন্য মুখিয়ে গোটা দুনিয়া। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের হয়তো দেশের জার্সিতে শেষবার দেখা যাবে। প্রথম বিশ্বকাপ খেলবেন লামিনে ইয়ামাল। কে বিশ্বজয়ী হয়, সেদিকেও নজর ফুটবলপ্রেমীদের।
আর সেই লড়াই এবার দেখা যাবে ইউটিউবেও। ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তা বাড়ানোর জন্য অভিনব পদক্ষেপ নিচ্ছে ফিফা। নতুন প্রজন্মের মধ্যে ডিজিটাল জগতে আগ্রহ দেখেই দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে মিডিয়া পার্টনার ও কন্টেন্ট ক্রিয়েটরদের বাড়তি প্রাধান্য দেওয়া হবে।
ম্যাচের হাইলাইটের বাড়তি অংশ বা ম্যাচের বিভিন্ন মুহূর্ত ইউটিউব চ্যানেলে তুলে ধরবে ফিফা। তার সঙ্গে ড্রেসিংরুমের ঘটনাও দেখানো হবে। অতীতের বিখ্যাত ম্যাচ বা বিশ্বকাপের দারুণ মুহূর্তগুলো থাকবে এর সঙ্গে। এবারের বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচের আগে চমক ফিফার।
তবে ইউটিউবে পুরো ম্যাচ দেখা যাবে না। মাত্র ১০ মিনিট দেখা যাবে। তারপর গিয়ে দেখতে হবে নির্ধারিত সম্প্রচার মাধ্যমে। কিন্তু ওই ১০ মিনিট সম্প্রচারকারী বা নির্দিষ্ট কন্টেন্ট ক্রিয়েটররা লাইভ স্ট্রিম করতে পারবে। কেন এরকম ব্যবস্থা? ডিজিটাল মিডিয়ায় আগ্রহী নতুন প্রজন্মকে ১০ মিনিটের জন্য মুগ্ধ করে বাকি ম্যাচ দেখাতে চাইছে ফিফা।
ফিফার তরফ থেকে বলা হয়েছে, 'আমরা চাই প্রথম মিনিট থেকেই সকলে ম্যাচের প্রতি আগ্রহী হয়ে উঠুক। আমরা চাই দর্শকদের একেবারে নতুন অভিজ্ঞতা উপহার দিতে।' তবে ইউটিউবের সঙ্গে এবারই ফিফার প্রথম চুক্তি নয়। ২০২২ সালে অনেক কম টাকায় চুক্তি হয়েছিল। এবারের চুক্তির মূল্য জানানো হয়নি।
সেই সঙ্গে বিশ্বকাপে একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা। কোনও প্লেয়ারকে বদল করা হলে তাঁকে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। অনেক সময় ম্যাচে এগিয়ে থাকলে সময় নষ্ট করার জন্য প্লেয়াররা বেরতে গিয়ে দেরি করেন। কিন্তু এবার যদি ১০ সেকেন্ডের মধ্যে কোনও প্লেয়ার মাঠ না ছাড়েন, তাহলে পরিবর্তকে ১ মিনিট অপেক্ষা করতে হবে।
থ্রো-ইন ও গোল কিকের জন্য ৫ সেকেন্ড সময় ধার্য করা হয়েছে। আগে থ্রো-ইনের জন্য অনেক সময় নষ্ট করা হয়। কিন্তু এবার ৫ সেকেন্ডের বেশি সময় নিলে বিপক্ষ দলকে থো-ইন দেওয়া হবে। গোল কিকের ক্ষেত্রে কার্ড দেখানো হতে পারে।
যদি ম্যাচ চলাকালীন কোনও প্লেয়ার চোট পান, তাঁর চিকিৎসা হবে মাঠের বাইরে। এই নিয়ম আগেও ছিল। শুধু গোলকিপারদের মাঠের মধ্যে চিকিৎসা হয়। এবার প্লেয়াররা আহত হলে মাঠের বাইরে নিয়ে যাওয়া হবে। তার সঙ্গে অন্তত একমিনিট তাঁদের মাঠের বাইরে থাকতে হবে।
ভার বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ক্ষেত্রে একটা সমস্যা হল, তা দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রে মাথা গলায় না। আগে শুধু লাল কার্ডের ক্ষেত্রে ভার মতামত দিত। কিন্তু তাতে সমস্যা হল, দ্বিতীয় হলুদ কার্ডে রেফারির ভুল হতেই পারে। সেখানে ভার মতামত জানাবে। এছাড়া কর্নারের সিদ্ধান্ত ঠিক কি না, সেটাও ভার দেখবে।
এর আগেও কিছু নিয়ম বদলেছিল। যেমন গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখলেই শাস্তি পেতে হবে। গোলরক্ষকেরা ৬ সেকেন্ড হাতে বল রাখতে পারেন। নিয়ম ভাঙলে রেফারি ‘ইনডিরেক্ট ফ্রিকিক’ দিতে পারেন। কিন্তু বিশ্ব ফুটবলের কোনও স্তরেই এই নিয়ম বিশেষ মানা হয় না। কিন্তু এবার ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে বিপক্ষ দলকে কর্নার বা থ্রো ইন দেওয়া হবে।
Published By: Arpan DasPosted: 04:18 PM Mar 18, 2026Updated: 04:18 PM Mar 18, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
