রাজ্যে পালাবদলের পর আগামী মাস থেকেই কার্যকর হতে চলেছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Bhandar)। মহিলাদের হাতে মাসিক তিন হাজার টাকা সরকারি সহায়তা তুলে দেওয়া হবে। সরকারের তরফে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাই পাবেন এই নতুন প্রকল্পের সুবিধা। কিন্তু একটা ছোট্ট সমস্যাতেই আটকে যেতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা। কীভাবে সমাধান করবেন সেই সমস্যার?
উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে অ্যাকাউন্টে ঢুকত, সেই অ্যাকাউন্টটি ডিবিটি করা না থাকলে অন্নপূর্ণা যোজনার সহায়তা মিলবে না। আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টটি ডিবিটি করা রয়েছে কিনা, খুব সহজেই তা চেক করা যাবে। আপনার ফোন বা কম্পিউটার থেকে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইট খুলতে হবে। নিজের আধার নম্বর দিয়ে এবং ক্যাপচা দিলেই মিলবে ওটিপি। সেই ওটিপি দিয়ে লগইন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে bank seeding status অপশনটি সিলেক্ট করতে হবে। যদি আপনার অ্যাকাউন্টটি ডিবিটি করা থাকে, তাহলে অ্যাকটিভ দেখাবে। ডিবিটি না থাকলে ইনঅ্যাকটিভ হয়ে থাকবে।
যদি আপনার অ্যাকাউন্টটি ডিবিটি করা না থাকে? তাহলে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যেতে হবে আধার কার্ডের সেলফ অ্যাটেসটেড ফটোকপি নিয়ে। পাসবুকের ফটোকপিও প্রয়োজন। এই নথিপত্রের সঙ্গে ব্যাঙ্কের দেওয়া ডিবিটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। তারপরে ব্যাঙ্কের উদ্যোগেই আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। এছাড়াও আধার কেন্দ্রগুলিতে ডিবিটি লিঙ্ক করাতে পারেন।
এতদিন যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তাঁরাও অন্নপূর্ণা যোজনার জন্য় আবেদন করতে পারেন। রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, নতুন আবেদনকারীরদের জন্য নয়া পোর্টাল খোলা হচ্ছে। এখনও সেই পোর্টাল তৈরি নেই। অনেক জায়গায় বলা হচ্ছে পোর্টাল খুলে গিয়েছে। এটি সম্পূর্ণ ভুয়ো খবর। পোর্টাল খোলা হলে আনুষ্ঠানিকভাবে সরকারের তরফে জানানো হবে। নতুন আবেদনকারীরা সেই পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করবে। দুই তিন মাসের মধ্যে বাজেট হওয়ার পরে নতুন আবেদনকারীরা এই প্রকল্পের টাকা পাবেন।
