প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেদারল্যান্ডস (Netherlands) সফরে বিরাট সাফল্য। ১০০০ বছর পুরনো চোল যুগের দুর্মূল্য তাম্রলিপি ভারতকে ফিরিয়ে দিল ডাচ সরকার। ২০১২ সাল থেকে নয়াদিল্লি এই ‘রত্ন’গুলিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিল। অবশেষে এক দশকেরও বেশি সময় পর মোদির হাত ধরে সাফল্য লাভ করল ভারত (India)।
দুর্মূল্য এই ‘রত্ন’টি ফিরে পাওয়ার পরই প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘প্রতিটি ভারতবাসীর জন্য এটা একটি গর্বের মুহূর্ত। একাদশ শতাব্দীর চোল আমলের তাম্রলিপিটি নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর উপস্থিত ছিলেন।’ গোটা ঘটনাটিকে ভারতের কূটনৈতিক সাফল্য হিসাবেই দেখছে কূটনৈতিক মহল।
মোট ২৪টি তাম্রলিপি ভারতের হাতে তুলে দিয়েছে নেদারল্যান্ডস। এগুলিকে চোল রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘নথি’ হিসাবে বিবেচনা করা হয়। শুধু তা-ই নয়, এগুলি তামিল ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন বলেও পরিচিত। এই তাম্রলিপিগুলি সম্রাট প্রথম রাজরাজ চোলের রাজত্বকালের। ওজন প্রায় ৩০ কেজি। এগুলি একটি ব্রোঞ্জের আংটি দিয়ে একত্রে বাঁধা, যেটিতে চোল রাজবংশের সিলমোহর রয়েছে। তাম্রলিপিগুলির একটি অংশ সংস্কৃতে এবং অন্য অংশটি তামিলে লেখা। ১৭০০ সালে খ্রিস্টান ধর্মপ্রচারক ফ্লোরেনটিয়াস ক্যাম্পার ভারত থেকে এগুলি নেদারল্যান্ডসে নিয়ে যান। সম্প্রতি নেদারল্যান্ডস সরকারের একটি কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে, তাম্রলিপিগুলির অধিকার একমাত্র ভারতেরই।
