shono
Advertisement
Uttarpara

৩ তৃণমূল নেতার সম্পত্তি ১০০ কোটির বেশি! হিসাব চেয়ে পোস্টার পড়ল উত্তরপাড়ায়

কাঁঠাল বাগান বাজার রেল স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলে এই পোস্টারগুলি দেখা যায়।
Published By: Jaba SenPosted: 04:34 PM Jun 13, 2026Updated: 04:34 PM Jun 13, 2026

বেআইনি কাজ করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তৃণমূল নেতারা। কারও সম্পত্তি ১০০ কোটির উপরে কারও ১০০ কোটির নিচে। এরকমই কয়েকজন তৃণমূল নেতার ছবি ও নাম দিয়ে পোস্টার পড়ল উত্তরপাড়ায়। পুরপ্রধান-সহ ৬ জন তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। হিসাব চাওয়া হয়েছে তাঁদের সম্পত্তির। আজ সকালে এলাকায় এই পোস্টার দেখতে পান স্থানীয়রা। কাঁঠাল বাগান বাজার রেল স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলে পোস্টারগুলি দেখা গিয়েছে। পোস্টারে লেখা ছিল 'উত্তরপাড়ার জনগণ দ্বারা প্রচারিত।' এই অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়েছেন স্থানীয়রা।

Advertisement

পোস্টার অনুযায়ী, ৬ তৃণমূল নেতার মধ্যে ৩ জনের ১০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে। তাঁরা হলেন দিলীপ যাদব, সুব্রত মুখার্জি ও টুকাই। তৃণমূল নেতা দিলীপের বিরুদ্ধে রয়েছে তোলাবাজি, বেনামি সম্পত্তি, জবরদখল, পাচারচক্র চালানোর অভিযোগ। সুব্রত মুখার্জির নামে উত্তরবঙ্গে রিসর্ট রয়েছে। এছাড়াও অবৈধ প্রোমোটিং, বেআইনিভাবে রেস্তরাঁ ও তোলাবাজি চালানোর অভিযোগ আছে। টুকাইয়ের বিরুদ্ধে উঠেছে নারী নির্যাতন, অবৈধ প্রোমোটিং, বার কাম রেস্তরাঁ চালানোর অভিযোগ। এছাড়াও তাঁর নামে একাধিক অবৈধ সম্পত্তি রয়েছে।

পোস্টার অনুযায়ী, ১০০ কোটি টাকার নিচে সম্পত্তি রয়েছে ছোটো পিন্টু, অর্ণব রায় ও মৌসুমী বিশ্বাসের। পিন্টুর বিরুদ্ধে রয়েছে পুরসভায় নিয়োগ দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ। অর্ণব রায়ও তোলাবাজির সঙ্গে জড়িত। অন্যদিকে, তৃণমূল নেত্রী মৌসুমীর বিরুদ্ধেও উঠেছে একাধিক অভিযোগ।

এলাকার মানুষ জানান, দুর্নীতির অভিযোগে তদন্ত হওয়া উচিত। এতে ভুল নেই। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত মুখার্জি বলেন, "এই ধরনের পোস্টার রাজনীতি উত্তরপাড়ার মানুষ পছন্দ করে না। আমার সম্পত্তি নিয়ে লুকোনোর কিছু নেই। এমনকী ইডি বা আয়কর দপ্তর থেকে পারলে দেখে যেতে পারে।" যদিও কে বা কারা এই ধরনের পোস্টার দিল তা এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement