এসআইআর আবহে একাধিক মতুয়া ভোটারের নাম বাদ পড়েছে। যা নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এমনকী নতুন করে দেশ ছাড়ার আশঙ্কায় ভুগতে শুরু করেছেন তালিকায় নাম না থাকা মতুয়ারা। আর এই শঙ্কা এবং উদ্বেগের মাঝেই মতুয়াগড় হিসাবে পরিচিত বনগাঁয় নির্বাচনী প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার বনগাঁ স্টেডিয়ামে সভা করার কথা রয়েছে তাঁর। যা নিয়ে প্রশাসনিক এবং রাজনৈতিকমহলে তুঙ্গে তৎপরতা। তৃণমূলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় বহু মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ গিয়েছে। এই সভা থেকেই মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দেবেন।
মূলত বনগাঁ উত্তর কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাস এবং বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০২১ এর বিধানসভা এবং ২০২৪ এর লোকসভা ভোটে দুটো নির্বাচনেই তৃণমূল এই দুটি কেন্দ্রে পরাজিত হয়েছিল ৷ যদিও এবার ২৬ এর নির্বাচনে বনগাঁ উত্তর এবং দক্ষিণে জয় পেতে মরিয়া শাসকশিবির। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, মঙ্গলবার বনগাঁ শহরের বনগাঁ স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা করবেন৷ আসবেন হেলিকপ্টারে। আর তাই বিধানসভা ভোটের আগে এই সভাকে সফল করতে জেলা তৃণমূল নেতৃত্ব উঠে পড়ে লেগেছে। দফায় দফায় চলছে বৈঠক। এমনকী আজ শনিবার বিকেলে বনগাঁ পুরসভার চন্দ্রিকা হলে তৃণমূলের সমস্ত স্তরের দলীয় প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের নিয়ে জেলা নেতৃত্ব একটি বৈঠক করেন। কীভাবে সভায় লোকজন আসবে তা নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থাকা নিরাপত্তা আধিকারিকেরাও বনগাঁ স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন।
মূলত বনগাঁ উত্তর কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দাস এবং বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর সমর্থনে জনসভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০২১ এর বিধানসভা এবং ২০২৪ এর লোকসভা ভোটে দুটো নির্বাচনেই তৃণমূল এই দুটি কেন্দ্রে পরাজিত হয়েছিল ৷ যদিও এবার ২৬ এর নির্বাচনে বনগাঁ উত্তর এবং দক্ষিণে জয় পেতে মরিয়া শাসকশিবির।
এই বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ''মুখ্যমন্ত্রী আসার খবরে ভোটের আগে কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন ৷ আমরা আশা করছি, সাধারণ মানুষও ভিড় করবে মুখ্যমন্ত্রীকে দেখতে।'' এমনকী মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে থাকতে নেত্রীর বার্তাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেও দাবি তৃণমূল নেতা। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব দলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ। তিনি বলেন, ''মুখ্যমন্ত্রী আসুক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক বনগাঁর মানুষ দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরিত্যাগ করেছে আগেই৷ একইভাবে ২৬ এর নির্বাচনেও মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে।''
