shono
Advertisement
Paytm

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, আশঙ্কায় গ্রাহকরা

১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ২২ (৪) ধারা অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
Published By: Kousik SinhaPosted: 11:07 AM Apr 25, 2026Updated: 11:13 AM Apr 25, 2026

বড় ধাক্কা পেটিএমের। সংস্থার পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক। নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই পেমেন্টস ব্যাঙ্ক চলছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, আমানতকারীদের স্বার্থ ক্ষুন্ন হতে পারে বলে ছিল আশঙ্কা। এরপরেই রিজার্ভ ব্যাঙ্কের এহেন পদক্ষেপ বলে জানা যাচ্ছে। শুক্রবার থেকেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আরবিআইয়ের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ২২ (৪) ধারা অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। ফলে আর কোনও ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। ফলে লোন দেওয়া থেকে শুরু করে, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও কিছুই আর করা যাবে না।

Advertisement

১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ২২ (৪) ধারা অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। ফলে আর কোনও ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, লাইসেন্স পাওয়ার পর একাধিক শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক তা মানেনি। এমনকী ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের একাধিক নিয়মকেও লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এরপরেও সবদিক খতিয়ে দেখে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত। উল্লেখ্য, এর আগেও পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়। নিয়মের গেরোয় গত ২২ সাল থেকে নতুন গ্রাহক যোগ করতে পারেনি। সময়ের সঙ্গে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের উপর নিয়ম আরও কড়া করা হয়। এবার ব্যাঙ্কের লাইসেন্সই বাতিল করে দিল রিজার্ভ ব্যাঙ্ক।

তবে বহু গ্রাহক রয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের। রয়েছে আমানত। আরবিআইয়ের এহেন সিদ্ধান্তে আমানতকারীদের টাকা কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও আরবিআই জানিয়েছে, গ্রাহকদের টাকা সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, সমস্ত আমানত যাতে ফেরত দেওয়া যায়, সেজণ্য পর্যন্ত লিকুইডিটি আছে বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement