Advertisement
দীর্ঘ অপেক্ষা, হতশ্রী অতীত ভুলে অবশেষে আইএসএলে মশাল জ্বলার আশায় ইস্টবেঙ্গল, একনজরে ইতিহাস
আইএসএলে ট্রফি জয় তো দূর, ট্রফি হাতে তোলার দোরগোড়া পর্যন্ত পৌঁছতে পারেনি ইস্টবেঙ্গল।
২২ বছর। দীর্ঘ সময় ধরে চাতকের মতো অপেক্ষা করেছেন ভক্তরা। সহ্য করেছেন বিপক্ষ সমর্থকদের কটাক্ষ। কিন্তু দেশের সেরা হওয়ার ট্রফি আসেনি ইস্টবেঙ্গলের ঘরে।
আই লিগ জমানা শেষ হয়ে দেশের একনম্বর লিগ হিসাবে আত্মপ্রকাশ করেছে আইএসএল। সেই লিগেও বারবার লাল-হলুদের প্রাপ্তি একরাশ হতাশা।
ট্রফি জয় তো দূর, ট্রফি হাতে তোলার দোরগোড়া পর্যন্ত পৌঁছতে পারেনি ইস্টবেঙ্গল। ২০২০ সাল থেকে আইএসএল খেলছে লাল-হলুদ। একটিবারের জন্যও প্লে অফে উঠতে পারেনি তারা।
শেষবার জাতীয় লিগে সেরার শিরোপা ইস্টবেঙ্গলের মাথায় উঠেছিল ২০০৩-২০০৪ সালে। ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন বাইচুং ভুটিয়া-অ্যালভিটো ডি'কুনহারা। তারপর থেকে স্রেফ অপেক্ষা।
ন্যাশনাল লিগ অবলুপ্ত হয়ে ভারতীয় ফুটবলে শুরু হয় আই লিগ জমানা। ২০০৭ সাল থেকে আই লিগের প্রত্যেক মরশুমেই খেলেছে ইস্টবেঙ্গল। কিন্তু ট্রফি অধরাই থেকে গিয়েছে।
ইতিহাস বলছে, আই লিগে চারবার রানার্স হয়েছে ইস্টবেঙ্গল। অন্য কোনও দল এতবার দ্বিতীয় স্থানে লিগ শেষ করেনি। প্রত্যেকবার শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে। কিন্তু অল্পের জন্য তীরে এসে তরী ডুবেছে প্রত্যেকবার।
২০১০-১১ মরশুমে সালগাওকর, ২০১১-১২ মরশুমে ডেম্পো, ২০১৩-১৪ মরশুমে বেঙ্গালুরু এফসি, ২০১৮-১৯ মরশুমে চেন্নাই সিটি-বারবার আইলিগে এই দলগুলির থেকে সামান্য পিছিয়ে থেকেছে ইস্টবেঙ্গল।
২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত আই লিগে খেলেছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু ট্রফি আসেনি শত চেষ্টা করেও। ভক্তদের অপেক্ষা দীর্ঘতর হয়েছে। সঙ্গে বেড়েছে বিপক্ষ সমর্থকদের টিটকিরির বন্যা।
২০২০ মরশুম থেকে আইএসএলে নাম লেখায় ইস্টবেঙ্গল। নতুন লিগে ভাগ্যবদল হবে, আশায় ছিলেন ভক্তরা। কিন্তু সেগুড়ে বালি। গত মরশুম পর্যন্ত একেবারে খালি হাতে, হতাশ হয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। ট্রফি জয়ের ধারেকাছে পৌঁছতে পারেনি।
Published By: Anwesha AdhikaryPosted: 09:22 PM May 20, 2026Updated: 09:22 PM May 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
