Advertisement
বৈভবের রেকর্ড-বৃষ্টিতে পিছু হটলেন গেইল-রাসেলও! 'এ' সেলিব্রেশনে কার কথা বলল বিস্ময় প্রতিভা?
বৈভবের তাণ্ডবে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য হলেন প্রতিপক্ষ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
রেকর্ডের আরেক নাম বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সি ব্যাটারের হাত থেকে যেমন তাবড় বোলারদের রেহাই নেই। তেমনই বিখ্যাত ব্যাটারদের নজিরও বিপদে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ৩৮ বলে ৯৩ করেছে। সেই সঙ্গে ক্রিস গেইল থেকে আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটারদের অনায়াসে পিছনে ফেলে দিয়েছে।
এক ম্যাচেই অনেকগুলো রেকর্ড গড়েছে বৈভব। এক-এক করে বলা যাক। লখনউয়ের বিরুদ্ধে রাজস্থান ব্যাটার ১০টি ছক্কা হাঁকায়। এবারের আইপিএলে এখনও পর্যন্ত তার ছক্কা সংখ্যা ৫৩। এক মরশুমে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ক্রিস গেইলের (২০১২ সালে ৫৯)। এখনও লিগ পর্যায়ে একটা ম্যাচ বাকি। প্লেঅফে উঠলে গেইলের রেকর্ড ভেঙে ফেলার আরও সুযোগ পাবে বৈভব।
তবে ইতিমধ্যে ছক্কায় গেইল, রাসেলদের পিছনে ফেলে দিয়েছে রাজস্থান তারকা। ২০১৯ সালে নাইট জার্সিতে রাসেল ৫২টি ও ২০১৩ সালে গেইল ৫১টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই নজির এদিন ভেঙে দিল বৈভব। প্রথম ভারতীয় হিসেবে এক মরশুমে ছক্কার হাফসেঞ্চুরির নজির গড়ল বিস্ময় প্রতিভা। এর আগে ২০২৪ সালে অভিষেক শর্মা ৪২টি ছক্কা মেরেছিলেন।
কনিষ্ঠতম ভারতীয় হিসেবে এক মরশুমে আইপিএলে ৫০০ রান করে ফেলল বৈভব। এর আগে ২০১৮ সালে ঋষভ পন্থ এই নজির গড়েছিলেন। কিন্তু পন্থ সেটা করেছিলেন ২০ বছর বয়সে। বৈভব ১৫-তেই কামাল করে দিল। আর সেটাও এল পন্থের দলের বিরুদ্ধেই। এই মরশুমে এখনও পর্যন্ত বৈভব করেছে ৫৭৯ রান।
১৩ ম্যাচে এই রান করতে তার স্ট্রাইক রেট ২৩৬.৩৩। এখনও পর্যন্ত আইপিএলে যত প্লেয়ার এক মরশুমে ৫০০ রান করেছে, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট বৈভবেরই। এবারও সে পিছনে ফেলে দিয়েছে আন্দ্রে রাসেলকে। ২০১৯-এ ২০৪.৮ স্ট্রাইক রেটে রাসেল ৫০০-র বেশি রান করেছিলেন। এবার অভিষেক শর্মাও ২০২ স্ট্রাইক রেটে ৫০০ করেছেন।
এখানেই শেষ নয়। রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে শুধু পাওয়ারপ্লেতে ৬০টা ছক্কা হাঁকিয়েছে। সেটাও রেকর্ড। যার মধ্যে বৈভবের ব্যাট থেকে এসেছে ৩৭টি। যশস্বী জয়সওয়ালের অবদান ১২টি। বাকিরা মেরেছেন ১১টি ছক্কা। এর আগে ২০২৪ সালে সানরাইজার্স হায়দরাবাদ ৫৯টি ছক্কা মেরেছিল।
তবে বৈভব একটা বিষয়ে এখনও দ্বিতীয়। এবারের আইপিএলে এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা দু'বার হাঁকিয়েছে বৈভব। তবে এর আগে কেকেআরের ফিন অ্যালেন এই কাজটি করে ফেলেছেন। এর আগে ক্রিস গেইল ও অভিষেক শর্মা এক মরশুমে দু'বার ১০ বা তার বেশি ছয় মেরেছেন।
যত দিন যাচ্ছে, ততই যেন অবাক করছে ওই বিস্ময় বালক। শেষপর্যন্ত অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও ৩৮ বলে ৯৩ রানের ইনিংসে রাজস্থানের জয় প্রায় নিশ্চিত করে দেয় বৈভব। হাফসেঞ্চুরির পর নতুন সেলিব্রেশন করে। হাত দিয়ে ইংরেজি 'এ' অক্ষরটি দেখায়। কী এর অর্থ? সম্প্রতি ভারতের 'এ' দলে ডাক পেয়েছে, সেটাই বোঝাল কি?
ম্যাচের পর বৈভবকে এই নিয়ে প্রশ্ন করা হয়। তাতে রাজস্থানের ব্যাটারের উত্তর, এটা নাকি এমনিই করেছে। কোনও অর্থ নেই। সে বলে, "আমি সবসময় নতুন কিছু সেলিব্রেশন করার চেষ্টা করি। আগের ম্যাচেও এরকম একটা করেছি। আজও করলাম। এগুলোর কোনও মানে নেই। এমনিই করি।"
Published By: Arpan DasPosted: 12:23 PM May 20, 2026Updated: 12:23 PM May 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
