সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম দিন থেকেই দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। এর ফলে সমস্যায় পড়বেন দেশের ৮১ কোটি মানুষ। ধর্মঘটের ফলে গোটা দেশে ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান ১ জানুয়ারি থেকে বন্ধ থাকবে।
বহু রেশন ডিলারের বিরুদ্ধে নানা সময় অভিযোগ ওঠে রেশনে কারচুপির। বরাদ্দ অনুযায়ী রেশন মিলছে না বলে অভিযোগ করেন গ্রাহকরা। এই অভিযোগ মেটাতে আইরিশ স্ক্যানারে গ্রাহকের পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে রেশন দোকানগুলিতে। রেশন তোলার ক্ষেত্রে বায়োমেট্রিকের প্রয়োজনে আধার কার্ড নম্বর আপডেট করার পাশাপাশি হাতের আঙুলের ছাপ মিলিয়ে নেওয়ার কাজ শুরু করে খাদ্যদপ্তর। তাতেও সমস্যা মিটছিল না। হাতের আঙুলের ছাপ না মেলাতে পারায় গ্রাহকের পরিচিতি নিয়ে সমস্যা হচ্ছে।
[আরও পড়ুন: দুবাইয়ে গ্রেপ্তার মহাদেব কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’, ফেরানো হবে ভারতে]
রেশন ডিলারদের দাবি, খাদ্যশস্য নষ্ট কমাতে এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে। দার্জিলিংয়ের মতো অন্যান্য জেলাতেও বর্ধিত কমিশন দিতে হবে। এনএফএসএ-র নিয়ম অনুযায়ী অগ্রিম কমিশন চালু করতে হবে। আর এই দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলেই জানান রেশন ডিলাররা।
