চঞ্চল প্রধান, হলদিয়া: ফের সমবায় সমিতির নির্বাচনে হার তৃণমূলের। সিপিএম-বিজেপি জোটই জয়ের হাসি হাসল মহিষাদলে। অমৃতবেড়িয়া কৃষিকল্যাণ সমবায় সমিতিতে তৃণমূলকে হারিয়ে জয়ী বাম-বিজেপি জোট।
বুধবার ছিল সমবায় নির্বাচন। মোট ভোটার ১৫৯০ জন। মোট আসন ৬৩টি। রাম-বাম জোটের প্রার্থীরা ৩৪টি আসনে জয়ী। ২৯টি আসনে পেয়েছে তৃণমূল। জানা গিয়েছে, ৪০ বছরের বেশি পুরনো এই সমবায়ের সূচনালগ্ন থেকে বামেরাই বোর্ড পরিচালনার দায়িত্ব দখলে রেখেছিল। শেষ পাঁচ বছর আগে এই সমবায় নির্বাচনে তৃণমূল জয়ী হয়।
[আরও পড়ুন: শিশির অধিকারীকে প্রণামের ‘শাস্তি’! শোকজের পর সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ তৃণমূলের]
মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি জানিয়েছেন, “এর আগে এই সমবায় ভোটে আমরা ১৫টি আসনে জয়ী হয়েছিলাম। এবার ভোটে আমাদের দখলে ২৯টি আসন। কার্যত আমরা এখানে অনেক সাফল্য লাভ করেছি। নৈতিকভাবে আমরা জয়ী। আর ওরা বিজেপিকে সঙ্গে নিয়ে নিজেদের আস্ফালন দেখাচ্ছে।”
যদিও বিজেপির কোনও প্রার্থী ছিল না বলে দাবি করেছেন মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, তথা স্থানীয় বিজেপি নেতা রঘুনাথ পণ্ডা। তিনি বলেন, “এই সমবায় ভোটে বিজেপির টিকিটে কোনও প্রার্থী ছিল না। আমরা এই ভোটে বিরত ছিলাম।” স্থানীয় সিপিএম নেতা সত্য মণ্ডল জানান, “এই সমবায়ের সূচনালগ্ন থেকে আমরাই পরিচালনা করে আসছি। মানুষ আমাদের কাজের উপর আস্থা রেখেছেন। আমরা তৃণমূলকে হারিয়ে বোর্ড গঠনের জন্য নিরঙ্কুশভাবে জয়ী হয়েছি। এই জয় মানুষের জয়।”
