Advertisement
বয়স মাত্র ২৬, পরিচিত ইনফ্লুয়েন্সার হিসেবে, শুরুতেই প্রচারে ঝড় তৃণমূলের ঋতুপর্ণার
ছোটবেলা থেকেই রাজনৈতিক ঘরানায় বেড়ে উঠেছেন তিনি। পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে আগ্রহ ছিল তাঁর।
ছাব্বিশে প্রার্থী তালিকায় রীতিমতো চমক দিয়েছে তৃণমূল। সেলিব্রিটি, বর্ষীয়ান নেতাদের পাশাপাশি তাঁদের সন্তানদের গুরুত্ব দিয়েছে দল। টিকিট পেয়েছেন একাধিক দাপুটে নেতার সন্তানরা। সেই তালিকায় রয়েছেন উত্তর ২৪ পরগনার রাজনীতির অতি পরিচিত নেতা তথা প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য ও জ্যোৎস্না আঢ্যর মেয়ে ঋতুপর্ণা। এবার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তাঁর উপরই ভরসা করেছে তৃণমূল।
১৯৯৯ সালের ১৯ ডিসেম্বরে জন্ম ঋতুপর্ণা আঢ্যর। অর্থাৎ বর্তমানে তাঁর বয়স ২৬ বছর। ছোটবেলা থেকেই রাজনৈতিক ঘরানায় বেড়ে উঠেছেন তিনি। পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে আগ্রহ ছিল তাঁর। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করার পর ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়েন ঋতুপর্ণা। তবে তাঁর রাজনীতিতে হাতেখড়ি কিন্তু কংগ্রেসের হাত ধরে।
ভোটের লড়াইয়ে কিন্তু নতুন নন ঋতুপর্ণা। আগেই পুরসভা নির্বাচনে লড়াই করেছিলেন তিনি। তবে সেটা কংগ্রেসের টিকিটে। জিতেওছিলেন। বর্তমানে বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। ভোটে জেতার পরই হাতশিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি।
এলাকার বাসিন্দাদের জন্য সর্বদা নিবেদিত প্রাণ। এলাকাবাসীরা ডাকলেই কাছে পান ঋতুপর্ণাকে। সেই কারণেই চোখ বন্ধ করে তাঁকে ভরসা করেছে তৃণমূল। যদিও বিতর্কেও কিন্তু জড়িয়েছেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতির একাধিক মামলায় তাঁর বাবা শঙ্কর আঢ্যর নাম জড়িয়েছে। তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল। সেই ঘটনায় তদন্তকারী সংস্থার আতসকাচের তলায় চলে এসেছিলেন ঋতুপর্ণাও। জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তারপর দীর্ঘদিন পেরিয়েছে। বর্তমানে জামিনে মুক্ত শংকর আঢ্য।
এবার সেই ঋতুপর্ণাতেই আস্থা তৃণমূলের। টিকিট পেয়েই বিজেপিকে ধূলিস্মাৎ করার প্রতিজ্ঞা করেছেন তিনি। তাঁর স্বপ্ন বনগাঁবাসীকে উন্নত চিকিৎসা দেওয়া। ঋর্তুপর্ণা জানেন, স্থানীয়রা তাঁর পাশেই আছে। টিকিট পেয়েই প্রচারে ঝড় তুলেছেন তিনি। বুঝিয়ে দেয়েছেন, বিরোধীদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তিনি।
তবে শুধু কিন্তু রাজনীতিবিদ বা কাউন্সিলর নয়, আরও একটি পরিচয় রয়েছে এই ঋতুপর্ণার। তিনি ইনফ্লুয়েন্সারও বটে। সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। ফেসবুক, ইনস্টাগ্রাম-সব প্ল্যাটফর্মেই রীতিমতো অ্যাকটিভ তিনি।
Published By: Tiyasha SarkarPosted: 02:01 PM Mar 19, 2026Updated: 02:01 PM Mar 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
